প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৩১
অনন্য নৈপুণ্য ও তারুণ্যের ঝলকে বিশ্বকাপ জয় স্পেনের
অতিরিক্ত মেসি-নির্ভরতা ও কৌশলগত ব্যর্থতায় ফাইনালে হোঁচট খেলো আর্জেন্টিনা

রুদ্ধশ্বাস লড়াই, কৌশল আর আধুনিক ফুটবলের এক অনবদ্য প্রদর্শনী শেষে অতিরিক্ত সময়ে ১-০ গোলের জয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের নতুন পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করলো তরুণ স্প্যানিশ দল। অন্যদিকে টানা সাফল্যের পর ফাইনালে এসে নিজেদের স্বাভাবিক ছন্দ হারিয়ে হতাশার নাম হয়ে দাঁড়ায় আর্জেন্টিনা।
ম্যাচজুড়ে বলের দখল, পাসিং, আক্রমণ গঠন ও মাঝমাঠের নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই স্পেন ছিলো স্পষ্টভাবে এগিয়ে। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় লা রোহা। বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা পুরো ম্যাচে অতিরিক্তভাবে লিওনেল মেসির ওপর নির্ভর করেছে। স্পেনের খেলোয়াড়রা শুরু থেকেই মেসিকে কঠোর মার্কিংয়ে রেখে তার সৃজনশীলতা সীমিত করে দেয়। ফলে আর্জেন্টিনার আক্রমণভাগ কার্যত অকার্যকর হয়ে পড়ে।
ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যান
- স্পেন ম্যাচে প্রায় ৭০০টিরও বেশি পাস সম্পন্ন করে, যেখানে আর্জেন্টিনার পাস ছিলো প্রায় ৩৫০-৪০০টির মধ্যে।
- পুরো নিয়মিত সময়ে আর্জেন্টিনা উল্লেখযোগ্য কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি এবং প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বিরল ঘটনা।
- ম্যাচে আর্জেন্টিনা একাধিক হলুদ কার্ড দেখে এবং এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখেন। ম্যাচ শেষে উত্তেজনার জেরে লিয়ান্দ্রো পারেদেসও লাল কার্ড পান।
- পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনা তুলনামূলক বেশি ফাউল করে, যা স্পেনের ছন্দ নষ্ট করার কৌশল হিসেবেই দেখা হয়।
স্থানীয় বিশিষ্টজনদের মূল্যায়ন
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. কে. এম. মাহাবুবুর রহমান বলেন, "আর্জেন্টিনা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। পুরো ম্যাচেই তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিলো। অন্যদিকে স্পেনের তরুণরা অসাধারণ নৈপুণ্য ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দিয়েছে।"
ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জুয়েল বলেন, "অতিরিক্ত মেসি-নির্ভরতা আর্জেন্টিনার বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। স্পেন শুরু থেকেই মেসিকে ঘিরে রাখায় তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ কিছু সেভ না করলে ব্যবধান আরও বড় হতে পারতো।"
দীর্ঘ ৫১ বছর ধরে চিকিৎসা পেশায় নিয়োজিত ডা. জওহরলাল আচার্য্য বলেন, "স্পেন দলগত ফুটবলের অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে। তাদের প্রতিটি খেলোয়াড় দারুণ পরিশ্রম করেছে। আর্জেন্টিনা ফাইনালের চাপ সামলাতে পারেনি।"
বিশিষ্ট ব্যবসায়ী সুমন চন্দ্র দে বলেন, "আর্জেন্টিনার খেলায় সমন্বয়ের অভাব ছিলো স্পষ্ট। মার্টিনেজের একের পর এক দুর্দান্ত সেভ না থাকলে ফল আরও বড় ব্যবধানে হতে পারতো।"
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক রঞ্জিত কুমার মজুমদার বলেন, "স্পেনের দ্রুত পাসিং, বল নিয়ন্ত্রণ এবং মাঝমাঠের আধিপত্য ছিলো চোখে পড়ার মতো। মলিনা ও ওতামেন্দি নিজেদের ছন্দে ছিলেন না। মেসিও দলগত সমন্বয়ের অভাবে কার্যকর হতে পারেননি।"
ক্রীড়া সংগঠক মো. আনিসুজ্জামান জুয়েল বলেন, "রোদ্রি, পাউ কুবারসি ও স্পেনের রক্ষণভাগের অসাধারণ সমন্বয়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। পেছন থেকে আক্রমণ তৈরি এবং মাঝমাঠ নিয়ন্ত্রণে তারা ছিলো অনবদ্য।"
ফুটবল বিশ্লেষকদের মতে, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ট্যাকটিক্যাল দিক থেকে আর্জেন্টিনাকে পুরোপুরি ছাপিয়ে গেছেন। ইয়ামাল, পেদ্রি, গাভি, রোদ্রি ও কুবারসিদের গতিময় ফুটবল আধুনিক ফুটবলের নতুন মানদণ্ড স্থাপন করেছে। অন্যদিকে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও ফাইনালে এসে কৌশলগত বৈচিত্র্যের অভাব এবং মেসিকেন্দ্রিক পরিকল্পনার কারণে শিরোপা ধরে রাখতে পারেনি।
বিশ্বকাপের এই ফাইনাল আবারও প্রমাণ করলো—ফুটবল কেবল একজন তারকার নয়, এটি একটি দলগত খেলা। পরিকল্পনা, সমন্বয়, শৃঙ্খলা এবং তারুণ্যের শক্তিই শেষ পর্যন্ত বিশ্বসেরার মুকুট এনে দিয়েছে স্পেনকে।







