প্রকাশ : ০২ মে ২০২৬, ১৪:৫৮
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো উদ্বোধন
যুব সমাজের বিকাশে খেলাধুলাই প্রধান হাতিয়ার
—মানিকুর রহমান মানিক

চাঁদপুরে তরুণদের প্রাণের স্পন্দন হয়ে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। গত শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে সফরমালী হাই স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।
ছাত্রদল নেতা নাঈম বেপারী ও রাসেল গাজীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। উদ্বোধন ঘোষণা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আনিসুর রহমান পিটার, আহ্বায়ক সদস্য, চাঁদপুর সদর উপজেলা বিএনপি;
দেলোয়ার হোসেন খান, সভাপতি, ৩ নং কল্যাণপুর ইউনিয়ন বিএনপি;
আক্তার হোসেন বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি;
মোহাম্মদ আলী বেপারী, সভাপতি, ৩ নং কল্যাণপুর ইউনিয়ন যুবদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজের দৈহিক, মানসিক ও নৈতিক উন্নয়নে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে। তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলাই সবচেয়ে কার্যকর মাধ্যম।” তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেয়।
প্রায় এক মাসব্যাপী চলমান এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১২টি দল। ইতোমধ্যে উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিলো দর্শকদের
উপচেপড়া ভিড়, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।
স্থানীয়দের মতে, এমন আয়োজন শুধু ক্রীড়াঙ্গনেই নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টুর্নামেন্টটি ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ, যা তরুণ সমাজকে নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।








