প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৩
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৪৬
৭নং লোধেরগাঁও ওয়ার্ডকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই
---------আনোয়ার হোসেন আনু

মেম্বার পদপ্রার্থীকে নিয়ে সাক্ষাৎকার
|আরো খবর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং লোধেরগাঁও ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন (আনু)। তিনি এ এলাকার সাবেক মেম্বার মো. লুৎফুর রহমানের সন্তান। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সাবেক সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং, ৭নং ওয়ার্ড, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত স্থায়ী সদস্য হিসেবেও কাজ করছেন। সম্প্রতি তার নির্বাচনী পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে সাক্ষাৎকার নিয়েছেন চাঁদপুর কণ্ঠের মহামায়া প্রতিনিধি জসিম উদ্দিন (হৃদয়)।
চাঁদপুর কণ্ঠ : আপনি কেনো মেম্বার পদে নির্বাচন করছেন? আপনার পরিচিতি সম্পর্কে পাঠকদের জানাবেন কি?
আনোয়ার হোসেন (আনু) : আমার মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক ও জাতিগত সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং লোধেরগাঁও ওয়ার্ডকে একটি মাদক ও চাঁদাবাজমুক্ত সামাজিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। আমি এ এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এবং এলাকার জনগণের দাবির প্রেক্ষিতেই আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হবো।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচিত হলে আপনার ওয়ার্ডের জন্যে প্রথম তিনটি অগ্রাধিকারমূলক কাজ কী হবে?
আনোয়ার হোসেন (আনু) : নির্বাচিত হলে আমার প্রথম তিনটি লক্ষ্য থাকবে :
এলাকার সকল প্রকার ছোট-বড় অপরাধ আদালতের বদলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা;
সরকারের সকল সুযোগ-সুবিধা এবং অনুদানগুলো সঠিক মানুষের কাছে অর্থাৎ প্রকৃত প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দেয়া;
এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করা এবং স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে থাকা।
চাঁদপুর কণ্ঠ : আপনার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা কী এবং তা সমাধানে আপনার পরিকল্পনা কী?
আনোয়ার হোসেন (আনু) : বর্তমানে আমার ওয়ার্ডের অন্যতম প্রধান সমস্যা হলো ঐতিহ্যবাহী মহামায়া বাজারে শৃঙ্খলার অভাব। এই বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং এখানকার ব্যবস্থাপনা আরও উন্নত করতে আমি স্থানীয়দের সাথে নিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ করবো।
চাঁদপুর কণ্ঠ : ভোটাররা কেনো অন্য প্রার্থীদের বাদ দিয়ে আপনাকেই ভোট দেবেন বলে আপনি মনে করেন?
আনোয়ার হোসেন (আনু) : আমি সব ধরনের মানুষের সাথে মিলেমিশে চলতে পছন্দ করি এবং কারো সাথে শত্রুতা পোষণ করি না। এর আগে আমি বিভিন্ন সামাজিক দায়িত্ব অত্যন্ত সততার সাথে পালন করার চেষ্টা করেছি, যা এলাকাবাসী জানেন। আমার সততা এবং সেবার মানসিকতা দেখেই জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
চাঁদপুর কণ্ঠ : ভোটারদের উদ্দেশ্যে আপনার আর কোনো বিশেষ বক্তব্য আছে কি?
আনোয়ার হোসেন (আনু) : আমি বলতে চাই, নির্বাচিত হলে কোনো ছোট-খাটো সমস্যা যাতে আদালত বা থানা পর্যন্ত না গড়ায়, আমি সেই ব্যবস্থা করবো। এতে করে এলাকার জনগণ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। এছাড়া আমি যেহেতু একজন প্রবাসী, তাই সব সময় প্রবাসীদের পাশে থাকার এবং তাঁদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।
ডিসিকে /এমজেডএইচ








