প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫
জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ডের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (১ মার্চ ২০২৬) বিকেলে ৪নং ওয়ার্ডের আব্দুল গফুর মিয়াজী বাড়ির কাচারী ঘরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহতায়ালা যা থেকে নিষেধ করেছেন আমরা সেগুলো থেকে বিরত থাকবো এবং যা আদেশ করেছেন তা যথাযথভাবে পালন করবো। রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজকে কল্যাণমুখী পথে পরিচালিত করতে হবে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করা প্রতিটি মুমিনের দায়িত্ব।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করতে হবে। অসহায়-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাসে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মো. কাউসার মিয়াজী।
উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল বাতেন মিয়াজী, বিল্লাল হোসেন মাঝি, ইউনিট সভাপতি মো. রাকিব মিয়াজী, চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি মো. মাছুম বিল্লাহ, ইউনিট সহ-সভাপতি রাকিবুল হাসান, রাসেল, সাজিদ, সোহেল, আকবর মিয়াজী, সোহাগ, শ্রমিক নেতা ফজলে রাব্বি, আরিফ শেখসহ ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।








