প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১
ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষের সমর্থনে পথসভা ও র্যালি
বিএনপির প্রতীক ধানের শীষ, যারা এর বাইরে কথা বলেন তারা বিএনপির কেউ না
...........সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী তথা ধানের শীষের সমর্থনে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ঘোড়াশালা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইমাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
|আরো খবর
তিনি বলেন, ধানের শীষ বিএনপির প্রতীক। এটি কোনো ব্যক্তির প্রতীক না। যখন যিনি দলের দায়িত্বে আসেন, তখনই তিনি এর কর্ণধার হন। বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ধানের শীষের কাণ্ডারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদগঞ্জ আসনের কাণ্ডারী হিসেবে লায়ন মো. হারুনুর রশিদকে পাঠিয়েছেন। ফলে তিনিই আমাদের প্রতীক ধানের শীষের ধারক ও বাহক। এর বাইরে যারা বিএনপির নাম প্রচার করে নিজেদের বিএনপি দাবি করে অন্য প্রতীকে ভোট চাইছেন, তারা বিএনপির কেউ না। মা- বোনরা আপনারা সকলে প্রয়াত বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসেন। তাই তাঁর দল ও প্রতীক ধানের শীষের সম্মান রক্ষার্থে নিজেরা ধানের শীষে ভোট দেবেন এবং একেক জন ধানের শীষের বাহক হয়ে ঘরে ঘরে ধানের শীষের জন্যে ভোট প্রার্থনা করুন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য ইসমাইল তালুকদার খোকন বলেন, দল যদি হান্নান সাহেবকে যোগ্য মনে করতো, তাহলে তিনিই দলীয় মনোনয়ন পেতেন। আমরাও তাঁর হয়ে নির্বাচন করতাম। কিন্তু দলের কাণ্ডারী লায়ন হারুন । ফলে তাঁর জন্যে আমরা ধানের শীষের হয়ে কাজ করছি। কিন্তু দলের প্রার্থী না হয়ে যিনি দলের বিপক্ষে কাজ করছেন, তার পক্ষে যারা কাজ করছেন, তারা বিএনপির কেউ না। তাদের কথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মিনহাজের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আমির হোসেন নফর মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা ভুট্টো পাঠান প্রমুখ।








