প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০০
শাহরাস্তিতে ধানের শীষের বিশাল জনসভায় ইঞ্জিনিয়ার মমিনুল হক
তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজি চলবে না

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আপনারা সতর্ক হয়ে যান, তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে কোনো প্রকার সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। নারী-পুরুষ সকলেই উন্নয়নের ছোঁয়া পাবে।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক আরো বলেন, কোনো বিশেষ দলের নয়, সকল মহিলা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকরা পাবেন কৃষি কার্ড। আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রত্যেক মানুষকে সুবিধাভোগীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তারেক রহমান একটি সুশৃঙ্খল বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছেন। এজন্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে। তাহলেই আমার আপনার স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী,
কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, জন অধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট, জমিয়তে ওলামায়ে ইসলামের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, জন অধিকার পার্টির মহিলা সম্পাদিকা রাবেয়া সাঈদ মিম ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বিলাস। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী। জনসভায় বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ঘটে।








