রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০

হাইমচর বিতর্ক একাডেমির এমন প্রতিযোগিতার ধারাবাহিকতা চাই

অনলাইন ডেস্ক
হাইমচর বিতর্ক একাডেমির এমন প্রতিযোগিতার ধারাবাহিকতা চাই

শিক্ষার্থীদের মেধা, মনন ও যুক্তিবোধ বিকাশে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম। বিতর্ক কেবল কথা বলার দক্ষতা বাড়ায় না, বরং যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও পরমতসহিষ্ণুতার মতো মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। এ বিবেচনায় হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে তৃতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ নিঃসন্দেহে প্রশংসনীয় ও আশাব্যঞ্জক একটি উদ্যোগ।

উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিক পর্যায়ে আলগীবাজার আলিম মাদ্রাসা এবং স্কুল পর্যায়ে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ীদের অভিনন্দন জানাই। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও এমন একটি আয়োজন সফলভাবে সম্পন্ন করা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

চাঁদপুরে বিতর্ক আন্দোলনের ইতিহাসে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার অবদান বিশেষভাবে স্মরণীয়। ২০০৯ সালে শুরু হওয়া এ আয়োজন ২০২৪ সাল পর্যন্ত জেলাব্যাপী ১২টি আসর সম্পন্ন করেছে। এ দীর্ঘ পথপরিক্রমায় বিতর্ক চর্চার যে পরিবেশ ও সাংগঠনিক ভিত তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে চাঁদপুর বিতর্ক একাডেমি। সেই ধারাবাহিকতা ও অনুপ্রেরণায় চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের হাইমচরের কর্ণধার, বিশিষ্ট বিদ্যোৎসাহী মাজহারুল ইসলাম শফিক রাজনৈতিক প্রতিকূলতা উপেক্ষা করে প্রতিষ্ঠা করেন হাইমচর বিতর্ক একাডেমি। এরপর প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে একাডেমিটির অস্তিত্ব ধরে রাখার পাশাপাশি উপজেলাব্যাপী তিনটি প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটিয়েছেন তিনি। বিতর্কের প্রতি গভীর অনুরাগ, একাগ্রতা ও দায়িত্ববোধ না থাকলে এমন উদ্যোগ গ্রহণ এবং তা অব্যাহত রাখা সম্ভব হতো না। আমরা তাঁর এ উদ্যমকে সাধুবাদ জানাই এবং এর দীর্ঘস্থায়িত্ব প্রত্যাশা করি।

এবারের প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যও আশাবাদ জাগিয়েছে। শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে নিয়মিত সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন এবং ভবিষ্যতে একাডেমির কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস নিঃসন্দেহে ইতিবাচক। আমরা মনে করি, এ আশ্বাস যেন কেবল বক্তব্যে সীমাবদ্ধ না থাকে; বরং বিতর্ক চর্চার বিকাশে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সুধীসমাজের সম্মিলিত সহযোগিতায় বাস্তব রূপ লাভ করে।

আমাদের প্রত্যাশা, হাইমচর বিতর্ক একাডেমি শুধু বার্ষিক প্রতিযোগিতা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বছরজুড়ে প্রশিক্ষণ, নিয়মিত বিতর্ক চর্চা, বিষয়ভিত্তিক কর্মশালা এবং নতুন বিতার্কিক তৈরির কার্যক্রম চালু রাখবে। একই সঙ্গে চাঁদপুর জেলার অন্যান্য উপজেলায়ও বিদ্যমান বিতর্ক সংগঠনগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানাই। যেখানে কোনো বিতর্ক সংগঠন নেই, সেখানে নতুন সংগঠন গড়ে তুলে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও বিদ্যোৎসাহী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

আমরা বিশ্বাস করি, যুক্তির চর্চা যত বিস্তৃত হবে, অন্ধত্ব, কুসংস্কার ও সংকীর্ণতার জায়গা তত সংকুচিত হবে। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার বীজ বপন করতে বিতর্কের বিকল্প নেই। তাই হাইমচর বিতর্ক একাডেমির এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তৃতীয় আয়োজনের সাফল্য হোক আগামী দিনের আরও বৃহৎ আয়োজনের প্রেরণা। যুক্তির মশালে আঁধার মোছার এ প্রয়াস থেমে না যাক; বরং ছড়িয়ে পড়ুক চাঁদপুরের প্রতিটি উপজেলায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়