প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৬:২৪
কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের ব্যাপক প্রস্তুতি

পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘পবিত্র জন্মাষ্টমী’ উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার কুমিল্লা মহেশাঙ্গন নাটমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লা শ্রীশ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।
|আরো খবর
জন্মাষ্টমী উপলক্ষে সকাল ৮টায় নগরীর রানীর বাজার রোডস্থ শ্রীশ্রী রাসস্থলী ও রামঠাকুর আশ্রমের প্রধান ফটকের সামনে জন্মাষ্টমী শোভাযাত্রা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরে যাবে। পরবর্তীতে শোভাযাত্রাটি নগরীর কান্দিরপাড়-লাকসাম রোডস্থ মহেশাঙ্গন নাটমন্দির প্রাঙ্গণে এসে শেষ হবে।
এদিন বিকেল ৫টা থেকে মহেশাঙ্গন নাটমন্দির প্রাঙ্গণে গীতা পাঠ, ধর্মসভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা ও সদস্য সচিব দিলীপ কুমার নাগ কানাই পবিত্র জন্মাষ্টমীর এই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী সকলকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।








