শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১১:৫৭

একটি রাস্তার দুর্ভোগ, একটি জনপদের আর্তনাদ

অনলাইন ডেস্ক
একটি রাস্তার দুর্ভোগ, একটি জনপদের আর্তনাদ

মতলব উত্তর উপজেলার গালিমখাঁ বেড়িবাঁধ মেইন রোড থেকে বাংলাবাজার কাঠপট্টি পর্যন্ত মাত্র ৫০০ মিটার সড়কের বেহাল দশা আজ একটি বৃহত্তর বাস্তবতার প্রতিচ্ছবি। এটি শুধু একটি রাস্তার সমস্যা নয়; এটি একটি জনপদের অর্থনীতি, নিরাপত্তা এবং জীবনমানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি সংকট। সম্প্রতি এই সড়কটি আরসিসি নির্মাণের দাবিতে ব্যবসায়ী, ভ্যানচালক, ক্রেতা ও এলাকাবাসীর মানববন্ধন প্রমাণ করে যে দীর্ঘদিনের অবহেলা এখন জনদুর্ভোগে রূপ নিয়েছে। একটি রাস্তার কারণে যদি একটি প্রসিদ্ধ বাজার ধীরে ধীরে তার অস্তিত্ব হারানোর মুখে পড়ে, তবে সেটি নিঃসন্দেহে উদ্বেগজনক।

বাংলাবাজার শুধু একটি বাজার নয়; এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রয়েছে কাঠের আড়ত, স’মিল, নৌকা তৈরির কারখানা, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিদিন অসংখ্য মানুষ ও পণ্য এই সড়ক ব্যবহার করে। অথচ রাস্তার বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা ক্রেতা হারাচ্ছেন, পরিবহন ব্যয় বাড়ছে এবং বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উন্নয়নের এই যুগে এমন চিত্র কোনোভাবেই কাম্য নয়। আরও উদ্বেগের বিষয় হলো, এই সড়কটি এখন জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। ভ্যানচালকদের ভাষ্যমতে, গত বছর একজন শ্রমজীবী ভ্যানচালক মালামালসহ পানিতে পড়ে প্রাণ হারিয়েছেন। একটি সড়কের অব্যবস্থাপনার কারণে যদি মানুষের জীবন ঝরে যায়, তবে সেটি কেবল অবহেলা নয়, উন্নয়ন পরিকল্পনার ব্যর্থতারও পরিচায়ক।

সরকার সারা দেশে যোগাযোগব্যবস্থা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। গ্রামাঞ্চলেও পাকা সড়ক নির্মাণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে মাত্র ৫০০ মিটার একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর সংস্কারবিহীন পড়ে থাকা প্রশ্নের জন্ম দেয়। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের প্রতি আমাদের আহ্বানÑবিষয়টিকে আর বিলম্ব না করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে দ্রুত সড়কটি আরসিসি নির্মাণের উদ্যোগ নিন। এতে শুধু জনদুর্ভোগই কমবে না; ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং একটি সম্ভাবনাময় জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন গতি পাবে।

উন্নয়নের প্রকৃত অর্থ তখনই বাস্তবায়িত হয়, যখন তার সুফল প্রান্তিক মানুষের জীবনেও পৌঁছে যায়। তাই গালিমখাঁ বেড়িবাঁধ থেকে বাংলাবাজার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটির দ্রুত সংস্কার আজ সময়ের দাবি, জনস্বার্থের দাবি এবং টেকসই উন্নয়নেরও দাবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়