প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৫৮
রোববার (২৬ জুলাই ২০২৬) বাদ আসর পারিবারিক ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মরহুমের জানাজার নামাজ চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
কলেজ মাঠে জানাজা ও পৌর কবরস্থানে দাফন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
|আরো খবর
রোববার (২৬ জুলাই) বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চাঁদপুর পৌর কবরস্থানে তাঁকে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। মরহুমের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মুসল্লিগণ জানাজায় অংশ নিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা ওয়ালিউর রহমান।
জানাজার পূর্বে জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামানের সঞ্চালনায় মরহুমের রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, "আমাদের রাজনৈতিক নানা আলোচনা-সমালোচনা থাকলেও বাবলু ভাইয়ের কোনো ব্যক্তিগত শত্রু ছিলো না। ২০০৯ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি আমাদের সাথে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর অসুস্থতায় আমরা সবসময় চিকিৎসার জন্যে তাগিদ দিতাম। তাঁর এই অকাল প্রয়াণে আমাদের দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।"
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক স্মৃতিচারণ করে বলেন, "স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২০১২ সালের জানুয়ারি মাসে রাজপথের মিছিলের অগ্রভাগে ছিলেন বাবলু ভাই। দীর্ঘ লড়াই-সংগ্রামের সাগর পাড়ি দিয়ে আমরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হয়েছি, ঠিক সেই মুহূর্তে দলের এমন একজন নিবেদিতপ্রাণ নেতা আমাদের ছেড়ে চলে গেলেন।"
স্মৃতিচারণ সভায় মরহুমের একমাত্র পুত্রসন্তান তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং এনসিপির চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাহবুব আনোয়ার বাবলু কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন দলমত নির্বিশেষে সকলের ভালোবাসার একজন হাস্যোজ্জ্বল মানুষ। চাঁদপুরের রাজনীতি ও সংস্কৃতিতে তাঁর অবদান এবং দলের জন্য তাঁর ত্যাগ চাঁদপুরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
মরহুমের জানাজায় বিএনপি'র প্রবীণ নেতা আলহাজ্ব সফিউদ্দীন আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী, জেলা জামাতের সেক্রেটারি অ্যাড. মো.শাহজাহান, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ খান সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসিকে/ এমজেডএইচ








