প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০
রাশেদা বেগম হীরার জন্যে শুভ কামনা

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে চাঁদপুরের কৃতী সন্তান, দুবারের সাবেক মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপির উপদেষ্টা আলহাজ রাশেদা বেগম হীরাকে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের সমন্বয়কারী করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনে সকল পোলিং এজেন্টের এক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিএনপি’র চেয়ারম্যানের অফিস থেকে প্রশিক্ষণ টিম অত্র এলাকার ওয়ার্ড সমূহে প্রশিক্ষণ প্রদানের জন্যে গমন করবেন। প্রতিটি ওয়ার্ডের সকল এজেন্ট (১০০%) রিজার্ভ সহ একত্রে এক স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ড সমূহ তাদের নিজ নিজ এলাকার মধ্যে সুবিধাজনক স্থানে এই প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্যে রাশেদা বেগম হীরা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, (০১৭১১১-৩৯৮১৮), বিএনপি-এর সঙ্গে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হয়েছে। এছাড়া গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড নং-১৫, ১৮, ১৯, ২০, ৯৫, ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে সাবেক এমপি রাশেদা বেগম হীরার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। আমরা রাশেদা বেগম হীরাকে বাংলাদেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বর্তমান কর্ণধার তারেক রহমানের আসনে এমন দায়িত্ব প্রদানকে অনেক মর্যাদাপূর্ণ মনে করছি। তিনি তাঁর শিক্ষা জীবনে তাঁর মেধা, বাগ্মিতা ও নেতৃত্বগুণে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুনজরে পড়েন এবং আদর্শিক সাহচর্য লাভ করেন, যেটা তখন টক অব দ্যা ডিস্ট্রিক্ট ছিলো। তিনি দলের প্রতি নিখাদ আনুগত্য, ত্যাগ, দুঃসময়েও বন্ধুর ন্যায় সক্রিয় কর্মকাণ্ডে দলের ভেতরে ও বাইরে সম্মানিত হয়েছেন। দল তাঁকে দুবার মহিলা এমপি করেছে এবং আস্থা ও বিশ্বাসের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে স্বস্তি ও নির্ভরতা অনুভব করেছে। বর্তমানে তিনি প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পেয়ে প্রশিক্ষিত নেতৃত্ব তৈরির দায়িত্ব পালন করছেন, যাতে তিনি নিশ্চয়ই দলীয় নেতৃবৃন্দের সন্তুষ্টি ও আস্থার জায়গায় পৌঁছেছেন, যে কারণে তিনি প্রাগুক্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে আমরা মনে করছি। তাঁর জন্যে নিরন্তর শুভ কামনা থাকলো।




