প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২০:০৩
মতলবে দিনে দুপুরে পাঁচ বাসায় চুরি

মতলব পৌর শহরে বিভিন্ন বাসায় দিনে দুপুরে পাঁচ বাসায় চুরি সংঘটিত হয়েছে। পৌর এলাকার টিএন্ডটি, পশু হাসপাতাল মোড়, মুসলিম পাড়া, কলেজ রোডে অহিদের বাসা ও ঢাকিরগাঁওয়ে খান বাড়িতে এ চুরিগুলো হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে তিন ঘন্টার ব্যবধানে এসব চুরি হয়েছে।
|আরো খবর
জানা যায়, মতলব পৌর শহরের ৩নং ওয়ার্ডের টিএন্ডটি এলাকায় জনৈক সুমন, ফারুকের বিল্ডিয়ের তিন তলায় মুন্সীরহাট কলেজের প্রভাষক ফেরদৌস আহম্মেদের বাসা, ওয়ালটন প্লাজার পেছনে মুসলিম পাড়ায় জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ৬ তলা ভবনের তিন তলায় মতলব বাজারের ব্যবসায়ী আরিফুল ইসলামের বাসা, কলেজ রোডের অহিদের ভাড়াটিয়া দীপুর বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। এছাড়াও ৬নং ওয়ার্ডের খান বাড়িতে মোর্শেদের ঘর থেকে ইলেক্ট্রনিক্স সরঞ্জামাদি চুরি হয়েছে।
পৌরসভার বাসিন্দা ও ব্যবসায়ী আরিফ জানান, আমার স্ত্রী প্রাইমারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি মিতুল সকালে বিদ্যালয়ে চলে যায়। আমি সকাল সাড়ে ১০টায় বাসায় তালা দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। পুনারায় দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফিরে দেখি, আমার বাসার দরজা খোলা। ঘরের স্টীলের আলমারী, ওয়ার্ডরোব, শোকেজ ভেঙ্গে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে চোর। ঘরের আসবাবপত্র ও কাপড় চোপড় ওলটপালট করে নষ্ট করে দিয়ে যায় চোরেরা। এ বাড়িতে কোনো সিসি ক্যামেরা নেই|
প্রবাসী দীপুর স্ত্রী তাসপিয়া বেগম বিথী জানান, সকালে বাসায় তালা দিয়ে জরুরি কাজে বাড়ির বাইরে গিয়ে ফিরে এসে দেখি, আমার তালা ভেঙ্গে ঘরে থাকা প্রায় ৯০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। আমার ঘরের আসবাবপত্র ভেঙ্গে ও কাপড় চোপড় এলোমেলো করে রাখে। এ বাড়িতেও কোনো সিসি ক্যামেরা নেই।
মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, চোরচক্রকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানান, আজ (বুধবার) চুরির বিষয়ে কেউ এখনো কোনো অভিযোগ করেনি। সংঘবদ্ধ চোর চক্রকে ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|








