প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৫:২৮
রামগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে ভাগিনার লাঠি আঘাতে খালু নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে স্ত্রীর বড়ো বোনের ছেলে ভাগিনা মাহফুজের (৩২) লাঠির আঘাতে খালু তাজুল ইসলাম( ৬২) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
|আরো খবর
ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ মার্চ ২০২৬) সোমবার বেলা ১১ টায় উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়িতে। মাহফুজের মা ও বাড়ির লোকজন জানান, ওই বাড়ির মৃত আব্দুল গফুরের কোনো ছেলে সন্তান না থাকার কারণে তার তিন মেয়ে ফিরোজা (৬০), মনোয়ারা (৫৫) ও নিহত তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৫১) আব্দুল গফুরের রেখে যাওয়া ২৪ শতাংশ সম্পত্তির মালিক হয়। মেঝো বোন মনোয়ারা বেগম বাপের ভিটিতে স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। এরই সুবাদে মনোয়ারার ছোট ছেলে মাহফুজ একটি ঘর নির্মাণ করতে যায়, কিন্তু ওই সম্পত্তি ছোট খালা ফাতেমা বেগম পৈত্রিক ওয়ারিশি সম্পত্তি নিজের দাবি করে ঘর নির্মাণে বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ভাগিনা মাহফুজের হাতের লাঠির আঘাতে খালু তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।এলাকাবাসী জানান, ছোট খালা ফাতেমা বেগমের বাড়ি পার্শ্ববর্তী ১০ নং ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের সাযী বাড়ি।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।








