বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩

মতলবে ছেলেকে বাঁচাতে গিয়ে একসঙ্গে মা-ছেলের মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ছেলেকে বাঁচাতে গিয়ে একসঙ্গে মা-ছেলের মৃত্যু

মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০ টার দিকে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন : ওই এলাকার সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খানের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম (৫৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের নতুন একটি জায়গায় ফেলা বালুতে পানি দেয়ার জন্যে বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। বিদ্যুতের মূল লাইন থেকে পানি ওঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে পাম্প মেশিনটিও পুড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। রিনা বেগমের চার সন্তান ও ছেলে রাসেল খানের ২ সন্তান ও স্ত্রী রয়েছে। রাসেল খান চাঁদপুর সদরে একটি দোকানে চাকরি করতেন। কান্নাজড়িত কণ্ঠে নিকটাত্মীয় তানজিনা নাহার বলেন, রিনা বেগমের বাবার বাড়ি চাঁদপুর শহরের বাবুরহাটে। রিনা বেগমের ভাই মো. সাঈদ মিয়াজী তিন মাস পূর্বে মারা গেছেন। এর এক বছর পূর্বে দু ভাই নান্নু মিয়াজী ও সাঈদ মিয়াজীর স্ত্রীও মারা যান। আর এখন রিনা বেগম ও তার ছেলে রাসেল খান মারা গেলেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়