সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬

সাইকোলজিকাল থ্রিলার

ছায়া শিকারি

মিজানুর রহমান রানা
ছায়া শিকারি

(পূর্বপ্রকাশিতের পর)

তেরো.

সাবেক প্রধানমন্ত্রী আরিন তাসনীমের বাড়ি। রুহান রুবাবাকে নিয়ে সেখানে যেতেই খবর পাওয়া গেলো, তাঁর ব্রেইনে হ্যামারেজ হয়েছে। তাই তিনি কারও সাথে কথা বলতে পারছেন না। অনেক দিন যাবত বিছানায় পড়ে আছেন। অনেক চিকিৎসা হয়েছে, কিন্তু কাজ হয়নি।

ধীরে ধীরে রুহান রুবাবার হাত ধরে ওপরে ওঠে। তিনতলায়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী থাকেন, সেই কক্ষের সামনে গিয়ে দাঁড়ালো দুজনে। একজন পরিচারিকা এগিয়ে এলো। তারপর সালাম দিয়ে জানালো, তারা ভেতরে যেতে পারে।

দুজনে কামরায় প্রবেশ করতেই দেখা গেল, আরিন তাসনীম তাদের দেখে উঠে বসার চেষ্টা করছেন। এ সময় রুবাবার দুচোখ খুলে গেল। ওই দুচোখ থেকে একটা রহস্যময় আলো বেরিয়ে আরিন তাসনীমের চোখে গিয়ে আঘাত করল। সাথেই সাথেই আরিন তাসনীম চোখে দেখতে পেলেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন।

সুস্থ হয়েই তিনি বসে পড়লেন, তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে রুহানের কাছে এসে তার সঙ্গে কোলাকুলি বা করমর্দন করে বললেন, “আমি ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। কিন্তু রুবাবা সঠিক সময়েই এল। রুবাবা, তুমি কেমন আছ, মা?”

‘খুব ভালো। রুহানকে আমি ছায়ার মতো দেখে রাখি। ওর কাছ থেকে সরে যাই না। আশা করছি, বাংলাদেশের উন্নয়নের জন্য যতদিন ওর সাথে থাকতে হয়, থেকে যাবো।”

“তোমার তুলনা হয় না, রুবাবা। তোমাকে যদিও ক্লোন করে তৈরি করা হয়েছিল, কিন্তু এখন তুমি পরিপূর্ণ মানবী হয়ে উঠেছ। তোমার আসলটা কিন্তু এত বুদ্ধিমান ও পারদর্শী নয়।”

“আমি আমার অরিজিনাল বোনের সাথে দেখা করতে চাই।”

“সময় হলে দেখতে পাবে। তবে এখন নয়। তোমার মিশন শেষ হোক।”

কথাগুলো শুনে রুবাবার মনে কষ্ট হলো। সে বুঝতে পারল, এখন সে দুঃখ-কষ্ট আর বেদনায় আক্রান্ত হতে পারে—যা সাধারণ মানুষের মধ্যে ঘটে থাকে। সে বুঝতে পারল, তার মধ্যে ভালোবাসার টান অনুভূত হচ্ছে। এটাও নতুন এক দিগন্তের আভাস।

রুবাবার চোখে নূরের ঝলকানি ধীরে ধীরে থেমে যাচ্ছে। পরমুহূর্তেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আরিন তাসনীম হঠাৎ চুপ করে যান। তার চোখে যেন এক অদ্ভুত শূন্যতা! তিনি ধীরে ধীরে রুহানের দিকে ফিরে বলেন, “তুমি জানো না, রুবাবা শুধু ক্লোন নয়। ওর ভেতরে আছে এমন কিছু, যা আমাদের সবাইকে বদলে দিতে পারে।”

রুহান বিস্মিত। রুবাবা তখন নিঃশব্দে জানালার দিকে তাকিয়ে বলে, “আমার ভেতরে একটা স্মৃতি আছে, যা আমার অরিজিনাল বোনের নয়। এটা স্থাপনকৃত। কিন্তু আমি জানি না কে দিয়েছে।”

এই মুহূর্তে ঘরের দরজা হঠাৎ খুলে যায়। প্রবেশ করেন একজন অচেনা বৃদ্ধ—চোখে কালো চশমা, হাতে একটি ছোট ডিভাইস। পরিচারিকা ভয়ে পেছনে সরে যায়।

“আমি ড. মিরাজ, রুবাবার প্রকৃত নির্মাতা,” ঘোষণা করে সে।

ঘরে নেমে আসে নিঃশব্দ উত্তেজনা। ড. মিরাজ বলেন, “রুবাবার ভেতরে স্থাপন করা হয়েছে একটি কোড, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো বদলে দিতে পারে। এই কোড শুধু একজনের চোখের আলোর মাধ্যমে সক্রিয় হয়, আর সেটা আজ সক্রিয় হয়েছে।”

রুহান এগিয়ে এসে জিজ্ঞেস করে, “কোডটা কী?”

ড. মিরাজ বলেন, “এটা একটি জেনেটিক ম্যাপ, যা প্রমাণ করে আরিন তাসনীম প্রকৃত কথা তোমাকে বলেনি। রুবাবার চোখের আলো সেই তথ্য আনলক করেছে।”

আরিন তাসনীম চুপ। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তিনি ধীরে ধীরে বলেন, “তাহলে সময় শেষ? প্রকৃত কথা বলার সময় এসেছে?”

রুবাবা এগিয়ে এসে বলে, “না। সময় শেষ নয়। সময় এখন শুরু। সত্য প্রকাশের সময়।”

এই মুহূর্তে ঘরের বাইরে সাইরেন বাজে। নিরাপত্তা বাহিনী বাড়িটি ঘিরে ফেলে। রুহান জানালার দিকে তাকিয়ে বলে, “আমরা এখন শুধু ইতিহাসের অংশ নই, আমরা ইতিহাসের নির্মাতা।”

ঠিক সেই সময়ে কালো সানগ্লাস পরিহিতা এক তরুণী ঘরে ঢোকে। তারপর সবার সামনে ঘোষণা করে, “আমিই আসল বোন। রুবাবা আমার ক্লোন। আমার নাম রুনা।”

রুবাবা ধীরে ধীরে রুনার দিকে এগিয়ে আসে। তারপর রুনার চোখের কালো সানগ্লাসটা খুলে তার চোখের দিকে তাকায়। এরপর বলে, “যেহেতু আসল বোন চলে এসেছে, তাহলে আমারও সময় শেষ। আমি কি চলে যেতে পারি?”

রুহান উত্তর দিল, “না। তোমার যাওয়ার মতো সময় হয়নি। বাংলাদেশকে দেওয়ার জন্য তোমার কাছে অনেক কিছু আছে। এই দেশটাকে আমরা সবাই মিলে সুন্দরভাবে গড়ে তুলব। তারপর যার যেখানে যাওয়ার, সে সেখানে চলে যাবে অথবা আমাদের মধ্যে থেকে যাবে উন্নয়নের জন্য। আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে এই আদেশ করছি।”

রুনার চোখ থেকে সানগ্লাস খুলে যাওয়ার পর মুহূর্তেই ঘরের বাতাস যেন থেমে যায়। তার চোখে কোনো নূর নেই, কিন্তু গভীরতা আছে—যেন শতাব্দীর পুরোনো স্মৃতি জমে আছে সেখানে। রুবাবা তাকিয়ে থাকে নিঃশব্দে। তাদের দুজনের চোখে একে অপরের ছায়া খেলে যায়।

ড. মিরাজ হঠাৎ পেছনে সরে গিয়ে দেয়ালের দিকে তাকান। সেখানে একটি পুরোনো পেইন্টিং ঝুলছে, যেখানে দেখা যাচ্ছে একজন নারী—দু চোখে আলোর রেখা, পেছনে ছায়া। তিনি বলেন, “এই ছবিটা রুবাবার অরিজিনাল কোডের সূত্র। কিন্তু ছবির নারী রুনা নয়। কে এই নারী, তা আজও আমি জানি না।” রুহান এগিয়ে এসে ছবির নিচে হাত রাখে। হঠাৎ দেয়াল কেঁপে ওঠে। একটি গোপন দরজা খুলে যায়।

ভেতরে অন্ধকার। শুধু একটি টেবিল, তার ওপর রাখা একটি পুরোনো ডায়েরি। রুবাবা ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডায়েরিটি তুলে নেয়। খুলে দেখে, প্রথম পাতায় লেখা, “যদি তুমি এই লেখা পড়ো, তবে তুমি সেই যন্ত্রণা বহন করছ, যা মানুষকে বদলে দেয়। তুমি ক্লোন নও, তুমি উত্তরাধিকার।”

রুবাবা চুপ। তার চোখে জল। রুনা ধীরে ধীরে বলে, “এই ডায়েরি আমার নয়। আমি শুধু তোমার ছায়া ছিলাম। তুমি আসল।”

ঘরের বাইরে সাইরেন থেমে গেছে। নিরাপত্তা বাহিনী অদৃশ্য—যেন কেউ তাদের সরিয়ে দিয়েছে।

আরিন তাসনীম ধীরে ধীরে বলেন, “আমার সময় শেষ। তবে আমার অভিজ্ঞতা সত্য। আমি এখন শুধু একজন মানুষ, আর কিছু নয়।”

রুহান জানালার দিকে তাকিয়ে বলে, “আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি। কিন্তু এই হারানো থেকেই জন্ম নেয় নতুন কিছু।”

রুবাবা ডায়েরির শেষ পাতায় চোখ রাখে। সেখানে লেখা, “যে চোখে নূর আছে, সে শুধু আলো দেয় না, সে ছায়াও তৈরি করে। প্রশ্ন করো, কিন্তু উত্তর খোঁজো না। কারণ উত্তরই সব রহস্যের শেষ।”

রুবাবা ডায়েরি বন্ধ করে। তারপর ধীরে ধীরে বলে, “আমার মিশন শুরু হয়েছে। কিন্তু শেষ কোথায়, আমি জানি না।”

রুহান এসে রুবাবার হাত ধরে তারপর বলে, “তোমার শেষ আমার হৃদয়ের মাঝে। আমিই হতে পারি তোমার শেষ ঠিকানা।”

ঠিক সেই সময় ইরফান, বৃষ্টি, আরাধ, নাহার, ইমতিয়াজ, অনন্যা, তাসফিয়া ও তুষার আহমেদ আসে। রুহানের শেষ কথাটা সবাই শোনে। ইরফান আনন্দে হাততালি দেয়। তারপর বলে, “আজ সত্যিই রুহান মনের মতো একজন মানুষ খুঁজে পেল।”

আরাধ আনন্দে আত্মহারা। সে নাহারকে বলে, “রুহান ও রুবাবা আমাদের সবার প্রতিনিধি। যে বিপ্লব আমরা বয়ে এনেছি, সেই বিপ্লবের ফসল তারা দুজন মিলে বাংলাদেশের সব মানুষের মাঝে বিলিয়ে দেবে। এই দেশ আর পেছনে ফিরে তাকাবে না, সামনেই এগিয়ে যাবে।”

ঘরের আলো নিভে যায়। শুধু জানালার বাইরে দেখা যায় একটি অদ্ভুত আকাশ, যেখানে চাঁদের পাশে আরেকটি ছায়া-চাঁদ ভেসে আছে।

(চলবে)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়