বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮

চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ

নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী নাট্যোৎসবের নবম দিনে মঞ্চস্থ হয়েছে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের নাটক ‘মহুয়া’। ১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাই রচিত পালাগান থেকে নাট্যরূপ দেওয়া ‘মহুয়া’ চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা। এটি ছিল দলটির তৃতীয় মঞ্চায়ন।

নাটকটি উপভোগ করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাসান শাহরিয়ারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাট্যজন শরীফ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুদ্দিন লিটন ভূঁইয়া, রূপালী চম্পক, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক সিকদারসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ বাংলা লোকসাহিত্যের এক প্রাচীন ও সমৃদ্ধ গাথা। প্রায় ৩৭০ বছর আগে রচিত এই পালাগানটি বর্তমানে ‘নদের চাঁদ ও মহুয়া’র পালা বা গাথা হিসেবে ব্যাপক পরিচিত। মধ্যযুগীয় বাংলার বিভাজন, শ্রেণিভেদ ও সামাজিক কুসংস্কারে আবদ্ধ গ্রামীণ সমাজকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনি। সেই সমাজব্যবস্থার নানা বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হয়ে মানবিক প্রেম এখানে চিরন্তন সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছে।

চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন কাব্য কণিকা। নির্দেশনায় ছিলেন নাজমুল হোসেন বাপ্পি এবং প্রযোজনা অধিকর্তা ছিলেন সিয়াম খান।

নাটকে কেন্দ্রীয় ‘মহুয়া’ চরিত্রে অভিনয় করেন আফসানা পাটওয়ারী এবং ‘নদের চাঁদ’ চরিত্রে ছিলেন স্বাধীন দত্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেন : হুমরা বাইদ্দা চরিত্রে সিয়াম খান, সুজন চরিত্রে পিপলু দাস, মাইনকা চরিত্রে বিশ্বজিৎ প্রীতম, পালঙ্ক সই চরিত্রে মরিয়ম মাহি, সাধু চরিত্রে তানজিল, সন্ন্যাসী চরিত্রে শিশির এবং বৈষ্ণবী চরিত্রে হৃদিকা বিশ্বাস রিয়া।

বন্দনায় অংশ নেন সুমাইয়া সূচনা, মাখনুন ও জাহান মিম। লোক চরিত্রে ছিলেন আসিফুল আলম এবং মাঝি ও প্রহরী চরিত্রে অভিনয় করেন সঞ্জয়।

নাটকের গানে ছিলেন ঐশী দাস এবং তবলায় সহযোগিতা করেন খোকন দাস। নৃত্যে অংশ নেন মিতু ধর, স্নিগ্ধা সাহা, আইরিন বৃষ্টি ও মুক্তা।

আবহ সংগীতে ছিলেন সিয়াম খান ও স্বাধীন দত্ত। আবহ সংগীত নিয়ন্ত্রণে ছিলেন তীর্থ ভৌমিক। আলোক পরিকল্পনায় ছিলেন নূরে আলম নয়ন। মঞ্চ নির্মাণে কাজ করেন নাজমুল হোসেন বাপ্পি ও সিয়াম খান।

নাটকের রূপসজ্জায় ছিলেন নাট্যাভিনেতা গোবিন্দ মণ্ডল। সাজসজ্জায় কাজ করেন আফসানা, তৃণা বণিক ও মৃত্তিকা বিশ্বাস।

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ এবং নাট্যামোদী দর্শকরা আনন্দ ও আগ্রহের সঙ্গে নাটকটি উপভোগ করেন। চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা হিসেবে ‘মহুয়া’র পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায় এবং নাট্যোৎসবের নবম দিনের আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়