রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২০:৪৯

সন্তানদের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম

মাহবুব আলম লাভলু।।
সন্তানদের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম

সন্তানদের মুখে হাসি ফোটাতে এবং তাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরলেন মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের জামালকান্দি গ্রামের সৌদি প্রবাসী মো. শফিকুল ইসলাম প্রধান। তাঁর এই ব্যতিক্রমী আগমনে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

শনিবার (১১ জুলাই২০২৬) সকালে সৌদি আরব থেকে দেশে ফিরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নিজ গ্রামের জামালকান্দি খেলার মাঠে অবতরণ করেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে দক্ষিণ ইসলামাবাদ, টরকী, হাতিকাটা টরকীসহ আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ মাঠে ভিড় করেন। প্রিয়জনকে একনজর দেখতে এবং হেলিকপ্টার কাছ থেকে দেখার সুযোগ নিতে মানুষের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম প্রধান প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। দীর্ঘ প্রবাসজীবনের পাশাপাশি তিনি গ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও নিয়মিত সহযোগিতা করে আসছেন।

শফিকুল ইসলাম প্রধান বলেন, আমার সন্তানদের অনেক দিনের ইচ্ছা ছিলো আমি হেলিকপ্টারে করে যাতে বাড়ি ফিরি। আল্লাহর রহমতে আজ তাদের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। পরিবারের আনন্দই আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি। সবার কাছে দোয়া চাই।

শফিকুল ইসলামের কন্যা পলি বেগম বলেন, বাবাকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরতে দেখার স্বপ্ন আমার অনেক দিনের ছিলো। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাবার জন্যে আমি অনেক গর্বিত।

স্থানীয়রা জানান, সন্তানদের প্রতি ভালোবাসার এমন ব্যতিক্রমী প্রকাশ এলাকায় বিরল ঘটনা। একজন প্রবাসী বাবার এই উদ্যোগ শুধু তাঁর পরিবারের জন্যেই নয়, পুরো এলাকার মানুষের কাছেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়