প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
চাঁদপুরে শিবিরের সংবর্ধনায় ২৫০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শহরের ইউরেশিয়া কনভেনশন হলে সকাল ৯টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং একাদশ শ্রেণিতে ভর্তিসহ পরবর্তী করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য শিবিরের পক্ষ থেকে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চাঁদপুর শহর শাখার সভাপতি মোহাম্মাদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুস সাকলাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুর শহর শিবিরের সাবেক সভাপতিবৃন্দ বক্তব্য দেন।
সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা এ আয়োজনকে ব্যতিক্রমী ও উৎসাহব্যঞ্জক উদ্যোগ হিসেবে অভিহিত করে আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫০ জন ছাত্র-ছাত্রীকে এ সম্মাননা দেওয়া হয়।







