প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৫:৫৫
হাজীগঞ্জে দাখিলে পরীক্ষার্থী ও পাসের সংখ্যা কমেছে, জিপিএ-৫ মাত্র ৩৪

হাজীগঞ্জ উপজেলায় প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে পরীক্ষার্থী ও পাসের সংখ্যা উভয়ই কমেছে। উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে এবার মাত্র ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৬৫.৭৭ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফলাফল সূত্রে জানা যায়, উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে মোট ১,১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৫৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৩৯৪ জন।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, অংশগ্রহণকারী ২৩টি মাদ্রাসার মধ্যে ১৬টিতেই পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০ জনের নিচে। বাকি ৭টি মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ৫০-এর বেশি হলেও উপজেলার কোনো প্রতিষ্ঠানেই শতভাগ পাসের সাফল্য আসেনি।
জিপিএ-৫-এর দিক থেকে বরাবরের মতো শীর্ষে রয়েছে হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা; প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ২০ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ছালেহাবাদ এম এন ফাজিল মাদ্রাসা থেকে ৪ জন, কাপাইকাপ আলিম মাদ্রাসা ও বলাখাল এম এন আলিম মাদ্রাসা থেকে ২ জন করে এবং রাজারগাঁও ফাজিল মাদ্রাসা, নেছারাবাদ ফাজিল মাদ্রাসা, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা, বাকিলা ফাজিল মাদ্রাসা ও মকবুল আহম্মেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।








