প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২০:৫১
চাঁদপুরে আনোয়ারা ইসলাম আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী আনোয়ারা ইসলাম আলিম মাদ্রাসায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
আজ ২৬ জুলাই (রবিবার) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়া উদ্দিন খন্দকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জনাব খলিলুর রহমান গাজী।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। এছাড়াও 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দ্রুত ক্রীড়া কমিটি গঠনের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পড়ালেখায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ আরও জোরদার করতে হবে। ইসলামী নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে ক্লাসের শুরুতে প্রতিদিন সুন্নাতি দোয়া শেখানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক, বাল্যবিয়ে এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে নিয়মিত শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্য
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জিয়া উদ্দিন খন্দকার অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাদ্রাসার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডিসিকে/ এমজেডএইচ








