শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০২:০২

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের যোগদান

উজ্জ্বল হোসাইন
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের যোগদান

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১২টায় তাঁরা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আন্তরিক অভ্যর্থনা জানান। দায়িত্ব গ্রহণের পরপরই উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, প্রশাসনিক ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে তাঁরা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে বুধবার (২২ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমানকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ২০(১) ধারা অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ কার্যকর হয়েছে। তাঁর মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটবে।

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে একই আইনের ২১(১) ধারা অনুযায়ী উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরও মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত বহাল থাকবে।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাঁরা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের যোগদানের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে। নবগঠিত এ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়