প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১:২২
মানিকুর রহমান মানিক মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মানিকুর রহমান মানিক। ১২ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত স্মারক নং ২.৩৭.১৬.০০০০.২১২.২২.৩৫.২৬.৮৫৬৯-এর মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।
|আরো খবর
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ (১০) ধারা অনুযায়ী স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্যে সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মানিকুর রহমান মানিক, সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত মোসাম্মাৎ সায়েরা আক্তার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. হুমায়ুন কবির প্রধানিয়াকে করা হয়েছে।
অনুমোদনপত্রে আরও বলা হয়েছে, এডহক কমিটির কার্যকালের মধ্যেই প্রচলিত বিধিমালা অনুসরণ করে বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে।
এদিকে মানিকুর রহমান মানিককে এডহক কমিটির সভাপতি মনোনীত করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ লক্ষ্য করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হবে।
নূতন দায়িত্বপ্রাপ্তিতে প্রতিক্রিয়া
আব্দুল্লাহ আল মামুন।।
মো. মানিকুর রহমান মানিক তাঁর নতুন দায়িত্ব সম্পর্কে বলেন, "মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের হারানো অতীত ও গৌরব পুনরুদ্ধার করাই আমার মূল লক্ষ্য। আমি একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই, যাতে এই বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।"
তিনি আরও জানান, শিক্ষার পরিবেশকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বর্তমান সরকারের শিক্ষাবান্ধব নীতিকে ধারণ করে বিদ্যালয়ের উন্নয়নের পথে এগিয়ে চলাই হবে তার মূল কাজ। এই মহতী উদ্যোগে তিনি বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
নিজের এই নতুন যাত্রায় তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর-২ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য ড. জালালউদ্দিন আহমেদ এবং মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি'র নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, মানিকুর রহমান মানিক শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, বরং তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত। সমগ্র চাঁদপুর জেলায় সামাজিক কর্মকাণ্ডে তার অসামান্য অবদান ও সম্পৃক্ততার জন্যে তিনি একজন প্রশংসিত ও সুপরিচিত ব্যক্তি হিসেবে সমাদৃত। তার এই দূরদর্শী নেতৃত্বে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা।








