শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:৩৩

মতলব উত্তরে পার্কিং করা মাইক্রোবাসে আগুন

মতলব উত্তরে পার্কিং করা মাইক্রোবাসে আগুন
মতলব উত্তর প্রতিনিধি

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে (হাইস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আদুরভিটি মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার-ম-৫১-০০১৫ নম্বরের গাড়িটির প্রকৃত মালিক রনি হোসেন মোল্লা (২৭)। তিনি বর্তমানে মালয়েশিয়াপ্রবাসী। একটি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনার পর চালানো শেখা ও ব্যবহারের জন্য আদুরভিটি গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোহাম্মদ আল-আমিন সিকদার (২৭)কে সেটি দেন। আল-আমিন গত ১০ দিন ধরে গাড়িটি ওই এলাকায় পার্কিং করে রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আল-আমিন ঘটনাস্থলে ছুটে আসেন এবং গাড়ির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন ও কয়েকবার মূর্ছা যান।

আল-আমিন জানান, গত ১০ দিন ধরে গাড়িটি সেখানে রাখা ছিলো। কোনো শিক্ষার্থী না থাকায় গাড়িটি চালানো হয়নি। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাড়িটি দেখে গেছেন এবং দরজা খুলে সবকিছু ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করেছিলেন। এর কিছুক্ষণ পরই তার মা ফোনে গাড়িতে আগুন লাগার খবর দেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তিনি মতলব উত্তর থানা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়