শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৪০

সরকারি প্রণোদনার মাছ জেলে দিয়ে ধরানোর অভিযোগ মতলব উত্তরের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

মো. কামরুল হাসান রাব্বি।।
সরকারি প্রণোদনার মাছ জেলে দিয়ে ধরানোর অভিযোগ মতলব উত্তরের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে
ছবির ক্যাপশন: মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারি পুকুরের দৃশ্য। ইনসেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাস।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত ফিশারি পুকুর থেকে ভোররাতে নীরবে মাছ ধরে নিজের গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাসের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ভোররাতে জেলেদের দিয়ে জাল টানিয়ে পুকুরের মাছ তুলে নেওয়া হয়।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের প্রণোদনার আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। সরকারি প্রণোদনায় অবমুক্ত করা এই মাছ কীভাবে এবং কার নির্দেশে ধরা হয়েছে, তা নিয়ে স্থানীয় ও হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মোহাম্মদ মাসুম ও পরিচ্ছন্নতাকর্মী মো. জামাল হোসেন জানান, শুক্রবার ভোরে স্বাস্থ্য কর্মকর্তা ও তাঁর গাড়িচালক পুকুরে জাল টেনে মাছ ধরে নিয়ে যান। তবে এ বিষয়ে তাঁরা কিছু বলার সাহস পাননি।

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, গত অর্থবছরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ফিশারি পুকুরে মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল।

হাসপাতালের ডিউটিরত চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম জনি বলেন, "স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় শুক্রবার সকালে জেলেদের দিয়ে ফিশারি পুকুরে মাছ ধরিয়েছেন। কিছু মাছ তিনি হাসপাতালের স্টাফদের দিয়েছেন এবং বাকি মাছগুলো নিজের গাড়িতে করে নিয়ে গেছেন। আমি তখন হাসপাতালেই ডিউটিরত ছিলাম।"

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এখানে মাছগুলো দেখাশোনা করার জন্য সরকার আমাকে রেখেছে, দায়িত্ব আমার। আপনি কে এগুলো জানার? আমার মাছ আমি কী করবো, সেটা আমার বিষয়। আগামীকাল সকাল ১০টায় আমার অফিসে আসবেন।"

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, "বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।"

এ বিষয়ে বক্তব্য জানতে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়