প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৯:১৯
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
জনগণের কল্যাণে কোনো অবহেলা সহ্য করা হবে না
স্থানীয় জনদুর্ভোগের চিত্র সরাসরি দেখতে ডিসি ও এসপিকে বাসায় আমন্ত্রণ

"জনগণ ভোট দিয়েছে তাদের কল্যাণের জন্য, তাই যে কোনো কাজের বিষয়ে দপ্তর প্রধানদের সরাসরি অবহিত করতে হবে।" রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এই নির্দেশনা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নই পরিবর্তন নয়, আসল পরিবর্তন আনতে হলে মানুষের মানসিকতা বদলাতে হবে।
|আরো খবর
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সরকারি সেবার মানোন্নয়ন ও অনিয়ম রোধে কঠোর বার্তা দেন সংসদ সদস্য। ওএমএস-এর চাল সঠিকভাবে সাধারণ মানুষের কাছে না পৌঁছানোর অভিযোগে ডিলারদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পাসপোর্ট অফিসকে অনতিবিলম্বে দালালমুক্ত করার তাগিদ দেন।
শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষা এবং চাঁদপুরের 'লাইফলাইন' খ্যাত ‘এসবি খাল’ দ্রুত অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন এমপি মানিক। এছাড়া যেখানে-সেখানে ময়লা ফেলা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান, যাতে অন্যরা সতর্ক হতে পারে।
সভায় উত্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ : রাস্তা ও বিদ্যুৎ : হাইমচরের জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কার, নতুন সড়ক নির্মাণে বাধা সৃষ্টিকারী বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা অপসারণ এবং নামাজের সময় বারবার বিদ্যুৎ বিভ্রাটের আসল কারণ খতিয়ে দেখার নির্দেশ। ইলিশ রক্ষা ও স্বাস্থ্যসেবা : ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মা ইলিশ নিধনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের নজরদারি জোরদার করার আহ্বান। এছাড়া জলাতঙ্ক রোধে কুকুর-বিড়ালের ভ্যাকসিনের ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা প্রদান। শারদীয় দুর্গাপূজা : আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ।
স্থানীয় জনদুর্ভোগের বাস্তব চিত্র সরাসরি প্রত্যক্ষ করতে আগামী শুক্রবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাকে নিজ বাসায় আসার আমন্ত্রণ জানান সংসদ সদস্য। আলোচনা পর্বশেষে জন্মনিবন্ধনে বিশেষ সাফল্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁদপুরের তিনটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ।








