প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২১:২৭
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা হাইমচরের ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক

জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর ২০২৬ মাসে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর (মানিক)। এই অসামান্য অর্জনের জন্য শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে হাইমচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান ও সম্মাননা জানানো হয়।
|আরো খবর
উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবু বকর মানিকের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করা আবু বকর মানিকের দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও দক্ষতার এক উজ্জ্বল প্রমাণ। তাঁর এই অর্জন স্থানীয় প্রশাসনিক সেবা তরান্বিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও সহকর্মীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী এবং ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিক পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








