প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮
হাইমচরে ৬ পূজা মণ্ডপের নিরাপত্তায় বিএনপির দুই শতাধিক স্বেচ্ছাসেবী

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ছয়টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপি দলীয়ভাবে দুই শতাধিক নেতাকর্মীকে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত করেছে।
|আরো খবর
হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি বদ্ধপরিকর। দুর্গাপূজা উপলক্ষে দলীয় সিদ্ধান্তে আমরা ছয়টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৩৬ জন করে স্বেচ্ছাসেবী মোতায়েন রাখবো। এসব স্বেচ্ছাসেবীর নাস্তা বা অন্যান্য কোনো খরচ পূজা মণ্ডপ কমিটিকে বহন করতে হবে না; সম্পূর্ণ ব্যয় দলীয়ভাবে বহন করা হবে। এছাড়া সাইবার বুলিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে সমন্বিত টিম গঠন করা হয়েছে।"
উপজেলা বিএনপির এই নেতা আরও জানান, কোনো চক্রান্ত বা অপপ্রচার যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে সবসময় বিএনপি থাকবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "পূজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টকারী যে কোনো দুষ্কৃতকারীর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে 'জিরো টলারেন্স'। স্থানীয় প্রশাসন, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সহায়তায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই উৎসব সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।"








