প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৯:৫৪
লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সমাবেশে নাছির খান
চেয়ারম্যান নির্বাচিত হলে সত্যিকারের মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. নাছির আহম্মেদ খান দোয়া ও সমর্থন চেয়ে সমাবেশ করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের যৌথ আয়োজনে স্থানীয় শ্রীরামপুর ঈদগাহে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাছির আহম্মেদ খান বলেন, আমাদের ইউনিয়নে ৪০ হাজার ভোটার এবং প্রায় ১ লাখ জনগণের বসবাস। বিগত আওয়ামী লীগ সরকার ইউনিয়নকে মডেল ইউনিয়ন করেছে। অথচ একটি মডেল ইউনিয়নের নাগরিকরা যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা তার কোনো কিছুই পাচ্ছে না। আমি আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হলে এই ইউনিয়নকে সত্যিকার ও আদর্শিক মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো।
তিনি আরো বলেন, গত ১৭ বছর যারা জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন তারা উন্নয়নের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা বরাদ্দ এনে লুটপাটের রাজত্ব কায়েম করেছেন। ভবিষ্যতে এই ইউনিয়নে আর কাউকে এ ধরনের সুযোগ দেয়া হবে না। দল যদি আমাকে সমর্থন দেয় এবং আমি যদি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হই, তাহলে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এই ইউনিয়নে মাদক থাকবে না। ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হবে।নাছির খান বলেন, আমার নেতা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের অনুপ্রেরণায় আমি রাজনীতির মাঠে নেমেছি। আপনারা আমার পাশে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা আমার জন্য সহজ হবে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চাই এবং শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের প্রতিনিধি হিসেবে জনসাধারণের জন্য কাজ করতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতেই পারে। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও আমার পাশে থাকবেন।
সমাজসেবক মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শামিম খান, সমাজসেবক শওকত আলী মিয়া, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতা দেলোয়ার জমাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন, সাধারণ সম্পাদক তানভির রাসেল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পগু পাটওয়ারী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাশিম জমাদার প্রমুখ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোহেল পাটোয়ারী।







