বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২১:১১

তালা ভেঙে দোকান থেকে ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেলো চোর চক্র

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
তালা ভেঙে দোকান থেকে ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেলো চোর চক্র

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় একটি অটো পার্টসের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মধ্যরাতের পর সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এ ঘটনায় দোকানমালিক মাঈনুদ্দিন কাজী সোহাগ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে ওয়্যারলেস মোড়ের পশ্চিম পাশে ইকরা মডেল একাডেমি সংলগ্ন ‘সোহাগ অটো পার্টস অ্যান্ড সার্ভিস সেন্টারে’ এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাঈনুদ্দিন সোহাগ জানান, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি পাসপোর্ট অফিস সংলগ্ন বাসায় চলে যান। এরপর রাত আনুমানিক আড়াইটার দিকে পার্শ্ববর্তী একটি দোকানের মালিক তাকে ফোন করে দ্রুত দোকানে আসার অনুরোধ জানান এবং জানান যে, দোকানে সন্দেহজনক কিছু ঘটেছে। তিনি ফোনে দেখতে পান, তার দোকানের বাইরের সিসিটিভি ক্যামেরাটি ওপরের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে।

খবর পেয়ে দ্রুত দোকানে এসে তিনি দেখেন, দোকানের একপাশের শাটার খোলা, তালা উধাও এবং বাইরের সিসিটিভি ক্যামেরাটি ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখতে পান, দোকানের সমস্ত মালামাল এবং ক্যাশের কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

দোকান মালিক জানান, চোরেরা দোকান থেকে ৭০টি নতুন টায়ার, ৪০ পিস চার্জার কয়েল, ২৭টি নতুন ব্যাটারি, ৭৫ কেজি তামার তার, ২০টি পুরানো ব্যাটারি, ১০টি হ্যামার ড্রিল এবং নগদ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন খুচরা যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া এসব মালামাল ও নগদ অর্থের মোট মূল্য ৬ লাখ ৯২ হাজার ৬০০ টাকা।

পার্শ্ববর্তী দোকানের সিসিটিভি ক্যামেরায় রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা রেকর্ড হয়েছে। ফুটেজে মাস্ক পরিহিত কয়েকজন চোর এবং একটি হলুদ রঙের গাড়ি দেখা যায়। চোরেরা অত্যন্ত সুকৌশলে পার্শ্ববর্তী দোকানের ক্যামেরাও ওপরের দিকে ঘুরিয়ে দিয়েছিল, তবুও ঘটনার দৃশ্য ফুটেজে ধরা পড়ে।

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত মালিক ৯৯৯-এ কল করলে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং চুরির আলামত সংগ্রহ করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়