প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪২
কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কচুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। কচুয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ দিবসটি পালন করে।
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও অমিত রায়ের সভাপতিত্বে এসিল্যান্ড মো. আবু নাছিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভাশেষে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করেন। এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।








