প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৭:০২
লাইসেন্স ছাড়া বেকারি পরিচালনা ও পরিমাপে কম দেওয়ায় পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং পরিমাপে কারচুপির অপরাধে চাঁদপুর সদরের দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ মোবাইল কোর্ট।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা)-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই-এর মানচিহ্ন (স্ট্যান্ডার্ড মার্ক) লাইসেন্সের জন্য কোনো আবেদন না করেই অবৈধভাবে কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করায় ‘মায়ের দোয়া বেকারী’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 'বিএসটিআই আইন-২০১৮'-এর ১৬ ও ৩১ ধারা অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে পরিমাপে কারচুপির দায়ে ‘শারমিন ফিলিং স্টেশন’ নামের একটি জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাম্পটিতে পেট্রোল-ডিজেল পরিমাপের সময় দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিলিটার এবং ১০ লিটার অকটেনে ৪১০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'-এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানটি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবালের নেতৃত্বে পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা)-এর পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।
জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় ভেজাল বিরোধী এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।







