প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:৪৪
কল্যাণপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাল গুরুতর অসুস্থ

চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান মাল গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতা ও স্মৃতিভ্রংশজনিত সমস্যায় ভুগছেন তিনি। বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সরেজমিনে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। স্বাভাবিকভাবে নড়াচড়া করার সক্ষমতাও হারিয়েছেন। এ সময় তার শরীরে প্রচণ্ড জ্বর ছিলো এবং তিনি শুধু শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন।
সাবেক এই জনপ্রতিনিধির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় তার আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার সুস্থতা কামনায় বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদেও দোয়া চাওয়া হয়েছে।
এ বিষয়ে তার বড় ছেলে মো. জাহাঙ্গীর আলম মাল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি দুই সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে এসেছেন।
তিনি আরও বলেন, তার বাবা ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। দায়িত্ব পালন কিংবা ব্যক্তিগত জীবনে কারও সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্য বা ভুল-বোঝাবুঝি হয়ে থাকলে তার বাবার পক্ষ থেকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।
একই সঙ্গে তিনি তার অসুস্থ বাবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে এলাকাবাসী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ অনুরোধ জানান।
এলাকায় পরিচিত মুখ ও সাবেক জনপ্রতিনিধি আলহাজ্ব আব্দুল মান্নান মাল দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার পরিবার ও স্বজনেরা উদ্বিগ্ন। পরিবারের প্রত্যাশা, সবার দোয়ায় মহান আল্লাহ যেন তাকে কষ্ট সহ্য করার শক্তি দেন এবং তার প্রতি রহমত বর্ষণ করেন।
ডিসিকে /এমজেডএইচ







