শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২০:৩৮

নদী ও প্রকৃতির সান্নিধ্যে চাঁদপুরে ঢাকার স্পোর্টস ব্যবসায়ীদের আনন্দ ভ্রমণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
নদী ও প্রকৃতির সান্নিধ্যে চাঁদপুরে ঢাকার স্পোর্টস ব্যবসায়ীদের আনন্দ ভ্রমণ

ইট-পাথরের ব্যস্ত রাজধানী আর প্রতিদিনের কেনাবেচার ক্লান্তি দূর করতে নদী, প্রকৃতি ও মাটির টানে চাঁদপুর ঘুরে গেলেন ঢাকার স্পোর্টস সামগ্রী ব্যবসায়ীরা। ঢাকার বিভিন্ন মার্কেটের বিশিষ্ট ক্রীড়াপণ্য ব্যবসায়ীদের অংশগ্রহণে ইলিশের বাড়ি চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দ ভ্রমণ। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সফরটি ঢাকার স্পোর্টস ব্যবসায়ীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার সকালে সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন ব্যবসায়ীরা। মেঘনা সেতু, দাউদকান্দি গোমতী সেতু ও মতলব বেড়িবাঁধ সড়কের মনোরম পথেই চলে আড্ডা ও স্মৃতিচারণ। চাঁদপুর পৌঁছে ব্যবসায়ীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জমাদার বাড়ি জামে মসজিদে তারা জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে হানারচর ইউনিয়নের হরিণা বাজার সংলগ্ন ক্রীড়াপণ্য ব্যবসায়ী মিন্টু বেপারির বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা। সেখানে চাঁদপুরের সুস্বাদু তাজা ইলিশ ও স্থানীয় আতিথেয়তা উপভোগ করেন সবাই।

মধ্যাহ্নভোজ শেষে ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম জমাদ্দারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও সৌহার্দ্য সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান স্পোর্টস’র স্বত্বাধিকারী আব্দুল গনি খান। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাসিক স্পোর্টসের ইমাম হোসেন বাবুল, জয় স্পোর্টসের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন বাবুল এবং স্টার স্পোর্টসের শফিকুর রহমান জমাদার।

বক্তারা ব্যবসায়িক ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, "নিয়মিত কাজের ক্লান্তি দূর করে সহকর্মীদের সাথে প্রকৃতির কাছাকাছি সময় কাটালে কাজের গতি বহুগুণ বৃদ্ধি পায়। নদী ও প্রকৃতির সান্নিধ্যে আজকের এই মিলনমেলা আমাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।"

দিনব্যাপী এই সফরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলমার্ক স্পোর্টস মার্কেটের ওয়ান স্পোর্টসের প্রতিনিধি আব্দুল মতিন বাবুল ভূঁইয়া এবং টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটের মিজান স্পোর্টসের মিজানুর রহমান ভূঁইয়া।

এছাড়াও মেহরাব স্পোর্টসের মো. রিপন, ডিএম স্পোর্টসের মো. মুরাদ, ঐশী স্পোর্টসের মো. মনির, মামা খেলাঘরের মো. মিঠু, সম্রাট স্পোর্টসের সাহেব আলী, চাঁদপুর স্পোর্টসের মাসুদ, তাজ স্পোর্টসের মাসুম, জার্সি প্রিন্টিং ব্যবসায়ী বাবু, ফারুক স্পোর্টসের মনির খান, ট্রফি প্রস্তুতকারী উদ্যোক্তা মামুন, রোহান স্পোর্টসের আবু সুফিয়ান এবং চাঁদপুর এশিয়ান স্পোর্টসের মুক্তার হোসেনসহ ঢাকার ক্রীড়া সামগ্রী খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় হরিণা ফেরিঘাট এলাকার মেঘনা নদীতীরের হিমেল হাওয়া, ফটোসেশন ও আনন্দঘন স্মৃতি নিয়ে ব্যবসায়ীরা পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দৈনন্দিন কর্মব্যস্ততায় ফেরার আগে এই সফর তাদের মাঝে তৈরি করেছে এক অটুট বন্ধন ও নতুন উদ্দীপনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়