শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১৮:০৫

বিজয়ী'র প্রথম কেক ফেস্টিভ্যাল ও বেকিং অ্যাওয়ার্ড

আব্দুল্লাহ আল মামুন।।
বিজয়ী'র প্রথম কেক ফেস্টিভ্যাল ও বেকিং অ্যাওয়ার্ড

'

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কেক ফেস্টিভ্যাল ও বেকিং অ্যাওয়ার্ড। নারী উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর ২০২৬) চাঁদপুর মুক্তিযোদ্ধা মার্কেটের চাঁদপুর সাংবাদিক ক্লাবে এ আয়োজন করা হয়।

সংস্থাটির আয়োজনে ১০ দিনব্যাপী বিশেষ কেক বেকিং প্রশিক্ষণ শেষ করা ১৬ জন নারী উদ্যোক্তা এতে অংশ নেন। প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে কেক প্রদর্শনী, ফেস্টিভ্যাল এবং সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি, রেলওয়ে কিন্ডাগার্টেন চাঁদপুরের অধ্যক্ষ মাহমুদা খানম মনু বলেন, "পরিবার ও স্বামীদের সহযোগিতা পেলে নারীরা অনেক দূর এগিয়ে যেতে পারেন। আজ যারা প্রশিক্ষণ নিয়ে কেক তৈরি করেছেন, তারা শুধু একটি কাজ শিখে থেমে থাকবেন না। ব্যবসায়িক চিন্তা নিয়ে এগিয়ে গিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্য নারীদেরও স্বাবলম্বী করতে ভূমিকা রাখবেন।" তিনি ‘বিজয়ী’র এই উদ্যোগকে একটি মডেল হিসেবে উল্লেখ করে সংস্থাটির ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানকে ধন্যবাদ জানান।

‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, "আজকের প্রতিটি কেকের সঙ্গে জড়িয়ে আছে প্রশিক্ষণার্থীদের মেধা, শ্রম ও ইচ্ছাশক্তি। নারীদের এগিয়ে যেতে হলে একে অপরকে সহযোগিতা ও উৎসাহ দিতে হবে।" নিজের কর্মজীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় ব্যাংকে চাকরি করলেও বর্তমানে তিনি উদ্যোক্তা তৈরি ও নারী উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আলোচনা সভাশেষে প্রশিক্ষণার্থীদের তৈরি বৈচিত্র্যময় কেক প্রদর্শন করা হয়। বিচারকমণ্ডলী কেকের স্বাদ, মান, সৌন্দর্য ও উপস্থাপনা মূল্যায়ন করে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বাংলাদেশের কর্মকর্তা সিগমা আহসান, চর্যাপদ একাডেমির পরিচালক আইরিন সুলতানা লিমা, উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষক নাসরিন আক্তার, শুভানা পোদ্দার, সেজুতি দত্ত, ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি সাহিরা নাসির ও কনটেন্ট ক্রিয়েটর চৈতী।

এছাড়া চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি অমরেশ দত্ত, কনটেন্ট ক্রিয়েটর উজ্জ্বল দেওয়ান তাসবিরসহ ‘টিম বিজয়ী’র স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারী উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্য নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ চাঁদপুরে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণে সহযোগিতাসহ নানা সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়