প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬
বড়কুলকে মাদকমুক্ত করার উদ্যোগ
হাজীগঞ্জে আইনশৃঙ্খলা সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

হাজীগঞ্জে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেনের প্রস্তাবে সাড়া দিয়ে এ কার্যক্রম সফল করার দায়িত্ব নিয়েছেন বড়কুল ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ক'টি ইউনিয়নকে এই কার্যক্রমের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছেন ইউএনও এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।
|আরো খবর
সকাল ১০টায় উপজেলা ই-সেন্টারে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী। তিনি বলেন, "মাদকের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলীয় অবস্থান জিরো টলারেন্স। বিএনপির কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাকে পদে রাখা হবে না এবং নতুন করে কাউকে দলীয় দায়িত্ব দেওয়া হবে না। পুলিশ মাদক বিক্রেতা বা সেবনকারীর বিরুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করুক, আমরা তাদের পূর্ণ সহযোগিতা করবো।"
সভায় কিশোর-যুবকদের মধ্যে ভুল ওষুধ সেবনের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "সম্প্রতি এক কিশোর জটিল শারীরিক সমস্যা নিয়ে আমার কাছে আসে। পরে সে জানায়, বন্ধুদের সঙ্গে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়েছে। কিশোররা অহেতুক এসব ট্যাবলেট সেবন করায় গুরুতর শারীরিক ঝুঁকিতে পড়ছে। ফার্মেসিগুলোতে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো অবস্থাতেই এ জাতীয় ওষুধ বিক্রি না করার জন্য সতর্কবার্তা দেওয়া প্রয়োজন।"
বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, "মাননীয় সংসদ সদস্যের বাড়ি আমার ইউনিয়নে। তাঁর প্রতি সম্মান জানিয়ে আমি নিজ ইউনিয়নকে প্রথম মাদকমুক্ত করার কাজ শুরু করছি। খুব শীঘ্রই বড়কুলকে পুরোপুরি মাদকমুক্ত হিসেবে ঘোষণা করা হবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান পাটোয়ারী, স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
--








