মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১

বিতর্ক ও অনিয়মের অভিযোগের মুখে চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাসিরের বদলি

বিশেষ প্রতিনিধি।।
বিতর্ক ও অনিয়মের অভিযোগের মুখে চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাসিরের বদলি
সার্ভেয়ার মো. নাছির উদ্দিন ও তার বদলির আদেশ।

দীর্ঘদিন দায়িত্ব পালনকালে নানামুখী বিতর্ক ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগের মুখে চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার মো. নাসির উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে নোয়াখালী জেলা পরিষদে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোহাম্মদ ইমরান হোসেনকে চাঁদপুর জেলা পরিষদে স্থলাভিষিক্ত করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তারের স্বাক্ষরিত এক অফিস আদেশে রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) এ রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. নাসির উদ্দিন ২০১২ সালে সার্ভেয়ার পদে চাকরিতে যোগদানের পর থেকে দীর্ঘ সময় চাঁদপুর জেলা পরিষদেই কর্মরত ছিলেন। দীর্ঘ এই কর্মকালে তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি চাকরিজীবনে অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের বিষয়েও স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সম্প্রতি চাঁদপুরের বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সার্ভেয়ার নাসিরের ভূমিকা নিয়ে পুনরায় ক্ষোভের সৃষ্টি হয়। ওই অভিযানে বাবুরহাটের ‘জিন মার্কেট’ নামে পরিচিত জেলা পরিষদের মার্কেট ভাঙা পড়লে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নাসিরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ব্যবসায়ীদের দাবি, জেলা পরিষদের দাপ্তরিক কাজের কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নিয়েছেন এই কর্মকর্তা।

এসব ঘটনা নিয়ে স্থানীয় গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং জনমনে নানা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তবে এই বদলির সিদ্ধান্তকে অভিযোগের সঙ্গে সরাসরি সম্পর্কিত করতে নারাজ প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বলেন, “এটি প্রশাসনিক প্রয়োজনে গৃহীত একটি স্বাভাবিক বা নিয়মিত বদলি প্রক্রিয়া।”

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে সার্ভেয়ার মো. নাসির উদ্দিনের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নতুন প্রশাসনিক আদেশ অনুযায়ী, শীঘ্রই নোয়াখালী জেলা পরিষদে যোগ দেবেন নাসির উদ্দিন এবং তার স্থানে দিনাজপুরের সার্ভেয়ার মোহাম্মদ ইমরান হোসেন চাঁদপুরে দায়িত্বভার গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়