প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২
হাজীগঞ্জে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এলাকাবাসীর ব্যতিক্রমী সমাবেশ

হাজীগঞ্জে ভিত্তিহীন ও অসত্য সংবাদের প্রতিবাদে ব্যতিক্রমী এক প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা-শিবপুর দাখিল মাদরাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সম্প্রতি এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে নারী ঘটিত অনৈতিক সম্পর্কের বানোয়াট অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ এতে ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে মূল ঘটনা তুলে ধরে ভুক্তভোগী ফল ব্যবসায়ী শাহজাহান মজুমদার বলেন, "আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। যারা সাংবাদিকদের ভুল ও বানোয়াট তথ্য দিয়ে এই সংবাদ প্রকাশ করিয়েছে, তাদের অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণসহ এলাকা থেকে বিতাড়িত করা হবে।" তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "যদি কেউ এসব অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারে, তবে আমি সমাজকে এক লাখ টাকা জরিমানা দেবো। আর যারা মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে, আমি সমাজের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে শাহজাহান মজুমদারের অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ এনে অনলাইন মাধ্যমে কিছু সংবাদ প্রচারিত হয়। এর পরপরই ঘটনাটিকে মিথ্যা ও সাজানো দাবি করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার সুপার মো. সফিকুর রহমান, ইউপি সদস্য খোরশেদ আলম, বিএনপি নেতা শেখ ফরিদ সুমন, সংরক্ষিত নারী ইউপি সদস্য খুরশিদা বেগম, সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলাম, জাফর আহমেদ ধনী ও মো. মোস্তফা কামাল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।








