প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩১
জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা

সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এবং বিরোধী শক্তির অপতৎপরতা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, "বিরোধী ভূমিকায় থাকা বিভিন্ন অপশক্তির বিষয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে। এসব সংগঠন যেন কোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় এ বার্তা পৌঁছে দেওয়া হবে, যাতে রাজপথে কোনো অপশক্তি সুযোগ নিতে না পারে এবং সবাই সচেতন থাকে।
উক্ত সভায় জেলা বিএনপি এবং এর আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের 'সুপার ফাইভ' নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম ও আক্তার হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, কোষাধ্যক্ষ আ. কাদির বেপারী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ এবং বিএনপি নেতা সেন্টু পাটোয়ারীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।








