প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫
এজেন্সি বন্ধুমহলের নতুন রেকর্ড
বাবুরহাটে একদিনে চাঁদপুর কণ্ঠের সহস্রাধিক কপি বিক্রি

চাঁদপুরের প্রথম ও সর্বাধিক প্রচারিত ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’-এর পাঠকপ্রিয়তায় নতুন রেকর্ড গড়েছে বাবুরহাট এজেন্সি ‘বন্ধুমহল’। একদিনেই সর্বোচ্চ ১ হাজার ২০ কপি পত্রিকা সরবরাহ করে এ অর্জন স্পর্শ করেছে তারা।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বাবুরহাট বাজারসহ চাঁদখাঁর বাজার, পিংড়া, আশিকাটি, ময়দানখোলা ও পার্শ্ববর্তী এলাকার পাঠকদের হাতে চাঁদপুর কণ্ঠের ১ হাজার ২০টি কপি পৌঁছে দেওয়া হয়। এজেন্সি বন্ধুমহলের স্বত্বাধিকারী মো. আবুল কালাম বেপারী জানান, একক দিনে এতো বিপুলসংখ্যক চাঁদপুর কণ্ঠ সরবরাহ করা এজেন্সির জন্যে একটি স্মরণীয় সাফল্য।
সাফল্যের বিষয়ে আবুল কালাম বেপারী বলেন, "চাঁদপুর কণ্ঠ এই অঞ্চলের সেরা সংবাদপত্র। স্থানীয় খবরাখবরকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ায় পাঠকদের মাঝে এ পত্রিকার আলাদা স্থান তৈরি হয়েছে।" তিনি উল্লেখ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য জনপ্রতিনিধিদের সাক্ষাৎকার ধারাবাহিকভাব ছাপা হওয়ায় সাধারণ পাঠকের আগ্রহ দ্বিগুণ বেড়েছে। এলাকার সমস্যা, সম্ভাবনা ও পরিচিত মানুষের খবর জানতে পাঠক নিয়মিত চাঁদপুর কণ্ঠ খুঁজছেন।
পত্রিকা বিক্রির ব্যবসায়িক দিক তুলে ধরে তিনি বলেন, "চাহিদা বেশি থাকায় আমি পর্যাপ্ত পত্রিকা এনে বাজারে পাঠাই। এতে পত্রিকার প্রচার বাড়ার পাশাপাশি এজেন্সির কমিশনও বাড়ছে।"
তবে সংবাদপত্রের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের বিমুখতা নিয়ে উদ্বেগ জানান এই পত্রিকা বিক্রেতা। তার মতে, প্রবীণ পাঠকশ্রেণী ছাপা পত্রিকায় অভ্যস্ত থাকলেও তরুণদের একটি বড় অংশ অনলাইনমুখী হয়ে পত্রিকা থেকে দূরে সরে যাচ্ছে—যা সংবাদপত্র শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি তরুণসহ সর্বস্তরের মানুষকে সংবাদপত্রের গ্রাহক হওয়ার আহ্বান জানান।
ছাপার মান ও নিউজের বস্তুনিষ্ঠতার প্রশংসা করে আবুল কালাম আশা ব্যক্ত করেন যে, স্থানীয় সংবাদ প্রকাশের এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বিক্রির পরিমাণ আরও বহুগুণ বাড়ানো সম্ভব। সবশেষে তিনি ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’-এর পরিবারের সাফল্য কামনা করেন।








