প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮
সাত গুণীজন পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমির ‘দোনাগাজী পদক’

মধ্যযুগের অন্যতম পুঁথিসাহিত্যিক ও সতেরো শতকের বিশিষ্ট রোমান্টিক কবি দোনাগাজীর স্মৃতিবিজড়িত ‘দোনাগাজী পদক’ প্রাপ্ত সাতজন গুণীজনের নাম ঘোষণা করেছে চাঁদপুরের চর্যাপদ সাহিত্য একাডেমি। প্রতিষ্ঠানটি এবার ২০২৫ ও ২০২৬—দু বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
|আরো খবর
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় একাডেমি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।
এর আগে একাডেমির সভাপতি আয়শা আক্তার রূপার সভাপতিত্বে জুরি বোর্ডের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
দু বছরের পদকপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা :
২০২৫ সালে কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম,
সংগীতে রনক রায়হান;
২০২৬ সালে কবিতায় শিবলী মোকতাদির,
চারুকলায় অমল সেনগুপ্ত ও লোক-গবেষণায় সৈয়দা আঁখি হক।
পদক ঘোষণার সময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, একাডেমির নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সমন্বয়কারী সাইফুল খান রাজীব এবং প্রাবন্ধিক লিটন শীল।
একাডেমির সভাপতি আয়শা আক্তার রূপা জানান, উদযাপন পরিষদকে প্রয়োজনীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং খুব দ্রুতই এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।
চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, “সতেরো শতকের অমর প্রেমকাব্য ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’-এর রচয়িতা কবি দোনাগাজীর স্মৃতির প্রতি সম্মান জানাতে ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিতভাবে শিল্প-সাহিত্যের শুদ্ধতম নিবেদিতপ্রাণ সত্তাদের এই পদক প্রদান করে আসছে।”
উল্লেখ্য, দেশের অন্যতম পরিচিত এই সাহিত্য পদকে ইতঃপূর্বে রহমান হেনরী, আকিমুন রহমান, মজিদ মাহমুদ, তপন বাগচী, মনি হায়দার, শিহাব শাহরিয়ার, হুমায়ূন কবীর ঢালী এবং হেনরী স্বপনসহ বহু বরেণ্য লেখক ও শিল্পী ভূষিত হয়েছেন। এ বছরের পদক প্রদান আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘ফোকাস মোহনা’।








