প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮
পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ, মা সমাবেশ এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম হোসেন মিজি।
প্রধান অতিথির বক্তব্যে শামীম হোসেন মিজি বলেন, "একজন শিক্ষার্থীর শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; তাকে দায়িত্বশীল, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানশেষে অভিভাবকরা শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং অসচ্ছলদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এসএমসি) সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও পিটিএ-এর সদস্যসহ স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।








