প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩
ছেংগারচর বাজারে ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশুর করুণ মৃত্যু

মতলব উত্তর উপজেলায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া কৃষ্ণপুর গ্রামের প্রবাসী কাউসারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে ছেংগারচর বাজারে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে হাঁটছিলো ফারিয়া। এ সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতলব উত্তর থানা-পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘাতক ট্রলির চালককে আটকসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








