প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৩:১০
চাঁদপুর লঞ্চঘাটে ইজারার নামে অনিয়ম দূর করতে এমপির নির্দেশ

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের চরম ভোগান্তি ও ইজারার নামে অনিয়ম দূর করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর নির্দেশনায় রোববার (১৬ আগস্ট ২০২৬) থেকে লঞ্চঘাটে সব ধরনের চাঁদাবাজি ও যাত্রী হয়রানি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি ফেসবুক লাইভে এসে জানান দিয়েছেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। ১৬ আগস্ট থেকে ঘাটে প্রবেশ বা যাত্রীদের চলাচলের ক্ষেত্রে ইজারার দোহাই দিয়ে কোনো ধরনের টাকা আদায় করা যাবে না। প্রশাসন ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, এই নির্দেশনা অমান্য করে কেউ টাকা তোলার চেষ্টা করলে বা চাঁদাবাজিতে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে সাধারণ যাত্রী ও পথচারীদের কাছ থেকে ইজারার নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠছিলো। সংসদ সদস্যের এই সরাসরি নির্দেশের পর সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কেউ এই নির্দেশের ব্যাঘাত ঘটাতে না পারে।







