প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫:২৫
কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কচুয়া পৌর এলাকার কোয়া চাঁদপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে নাদিয়া আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকালে কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত নাদিয়া তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। নাদিয়া তার মায়ের সাথে কোয়া চাঁদপুর গ্রামে নানার বাড়িতে থাকতো।
নিহতের মা নুরুন্নাহার বেগম জানান, তিনি কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়া পদে চাকরি করেন। নাইট ডিউটি শেষে সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের চালের কাঠের সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নুরুন্নাহার বেগম আরো জানান, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নাদিয়া তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে ফলাফলের বিষয়ে তিনি মেয়েকে শাসন বা কোনো গালমন্দ করেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাদিয়ার বাবা বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রথম স্ত্রী ও সন্তানকে কোনো খোরপোষ দিতেন না। নুরুন্নাহার বেগম আয়ার কাজ করে কষ্টার্জিত আয় দিয়েই দুই মেয়েকে নিয়ে নানার বাড়িতে বসবাস করছিলেন। আত্মহত্যা করার আগে নাদিয়া তার বাবার সাথে মুঠোফোনে কথা বলেছিলো বলে জানা গেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।








