বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯

নানির খুনি নাতিকে গ্রেপ্তারে পুলিশের সাফল্য প্রশংসনীয়

অনলাইন ডেস্ক
নানির খুনি নাতিকে গ্রেপ্তারে পুলিশের সাফল্য প্রশংসনীয়

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা লুৎফুন্নাহার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এ ঘটনায় অভিযুক্ত তাঁর ১৬ বছর বয়সী নাতি মো. সিয়াম প্রধানীয়াকে গ্রেপ্তারে পুলিশের সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। হত্যাকাণ্ডের পর দ্রুত তদন্ত, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত ছুরি এবং লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের মধ্য দিয়ে পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা জনমনে স্বস্তি জোগাবে।

তবে এ ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো, আপন নানিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই নাতির বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হওয়ার পর সেই দায় মেটাতে নানির স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। অভিযোগটি সত্য হলে বলতে হয়, জুয়ার নেশা ও অর্থের মোহ একজন কিশোরকে কতোটা ভয়ংকর অপরাধের দিকে ঠেলে দিতে পারে, এটি তার মর্মান্তিক দৃষ্টান্ত। যে নানি স্নেহ-মমতায় নাতিকে আগলে রাখার কথা, সেই নানিকেই শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো নাতির হাতে!

পুলিশের সাফল্যে স্বস্তি মিললেও এ ঘটনা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর সতর্কবার্তা। বিশেষ করে কিশোরদের মধ্যে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সহজলভ্য স্মার্টফোন, ইন্টারনেট এবং দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন অনেক তরুণকে জুয়ার ফাঁদে ফেলছে। প্রথমে বিনোদন কিংবা সামান্য অর্থ জেতার আকাঙ্ক্ষা থেকে শুরু হলেও একপর্যায়ে আসক্তি, ঋণগ্রস্ততা ও অপরাধপ্রবণতা তৈরি হচ্ছে। তাই অনলাইন জুয়াকে নিছক ব্যক্তিগত বিনোদন বা অভ্যাস হিসেবে দেখার সুযোগ নেই। এর সামাজিক ও পারিবারিক পরিণতি ভয়াবহ হতে পারে।

এ ক্ষেত্রে পুলিশের ভূমিকার পাশাপাশি অনলাইন জুয়ার নেপথ্যে থাকা চক্র, অবৈধ আর্থিক লেনদেন এবং জুয়ার প্রচারণার উৎস শনাক্ত করাও জরুরি। শুধু একটি হত্যাকাণ্ডের তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তার করেই দায়িত্ব শেষ করা যাবে না। এই অপরাধের পেছনে কোনো জুয়ার চক্র কিংবা অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে অবৈধ জুয়ার ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ এবং জুয়ার অর্থ লেনদেনের পথ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অভিভাবকদেরও এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। সন্তান কী করছে, কার সঙ্গে মিশছে, অনলাইনে কতটা সময় কাটাচ্ছে এবং তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন আসছে কি না, সেদিকে নজর রাখা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে শাসনের পাশাপাশি ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মানসিক সহায়তার পরিবেশও নিশ্চিত করতে হবে।

আমরা মনে করি, চাঁদপুরের এই হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের সাফল্য অবশ্যই অভিবাদনযোগ্য। তবে অভিযুক্তের বয়স বিবেচনায় নিয়ে প্রচলিত আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনলাইন জুয়ার বিস্তার রোধে রাষ্ট্রীয় উদ্যোগ, সামাজিক প্রতিরোধ এবং পারিবারিক সচেতনতা জোরদার করা এখন সময়ের দাবি।

লুৎফুন্নাহার আর ফিরে আসবেন না। কিন্তু তাঁর মর্মান্তিক মৃত্যু যেন আমাদের জন্য কেবল শোকের কারণ হয়ে না থাকে; বরং অনলাইন জুয়ার ভয়াবহতা উপলব্ধি, কিশোরদের সুরক্ষা এবং পারিবারিক মূল্যবোধ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের উপলক্ষ হয়ে ওঠে। পুলিশের সাফল্যের পাশাপাশি অপরাধের সামাজিক ও প্রযুক্তিগত উৎস নির্মূলে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়