শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২

আইন শামস বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য নবীন বরণ

অংশ নিলেন বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স

আফছার হোসাইন, মিশর থেকে
আইন শামস বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য নবীন বরণ

বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বৈশ্বিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। বিশ্বের প্রায় ৬০টি দেশের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় বহুজাতিক এক মিলনমেলায়।

গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) শুরু হওয়া এ উৎসবমুখর আয়োজনে উপস্থিত থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎসাহিত করেন মিশরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) গৌতম কুমার দে। তাঁর উপস্থিতি বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে বিশেষ উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করে।

বিশ্ববিদ্যালয়ের বহুজাতিক ক্যাম্পাস সংস্কৃতিকে উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন শামস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্টগণ, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি ও কূটনীতিকরাও এতে অংশ নেন।

আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রদর্শনী। এতে বাংলাদেশ, ভারত, সৌদি আরব, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানসহ নানা দেশের শিক্ষার্থীরা নিজ নিজ ইতিহাস, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরেন। বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের লাল-সবুজের সংস্কৃতি ও কৃষ্টি বিশেষভাবে প্রশংসিত হয়।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন ও ছাত্রসংগঠনগুলো তাদের বছরব্যাপী উদ্ভাবন, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে।

অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক অঙ্গনে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাওয়া অত্যন্ত গর্বের। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক সহযোগিতা তাঁদের শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা জোগাচ্ছে।

কেবল নতুন শিক্ষার্থীদের বরণ করাই নয়, এই আয়োজন বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সংস্কৃতি বিনিময় ও আন্তর্জাতিক বন্ধুত্বের এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়