প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১
নারায়ণপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
|আরো খবর
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের তত্ত্বাবধানে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার সরকার এবং প্রভাষক কুলসুম আক্তার রিয়ার নেতৃত্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রায়না, শাম্মী আক্তার, মো. হাসিব ও আব্দুর রহমানের সঞ্চালনায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ, জাতীয় সংগীত পরিবেশন, কলেজের প্রসপেক্টাস বিতরণ, শিক্ষকদের পরিচয় পর্ব এবং ইংরেজি ও বাংলায় বক্তব্য উপস্থাপন করা হয়।
দ্বিতীয় পর্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য ও নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মো. মিজানুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রানা প্রধান, কলেজের সহকারী অধ্যাপক রণজিৎ বসু ও ড. এ.এফ.এম. সাঈফুর রহমান ভূঁইয়া, ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী মো. মাইনুদ্দিন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে শাম্মী আক্তার ও সানজিদা আক্তার এবং একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পক্ষে জুবায়ের সফি।
এ সময় একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রোল কল করে ক্লাসের উদ্বোধন ঘোষণা করেন উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিবৃন্দ। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।








