প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০১:০৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লিটল স্কলার্স হাই স্কুলে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী 'লিটল স্কলার্স হাই স্কুলে' আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া সভাপতিত্ব করেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল-আমিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক, জান্নাতুল ফেরদৌসী, মো. মাইন উদ্দিন, তাহমিনা আক্তার, মো. জয়নাল ও আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ রূপকার ও সর্বকালের সেরা আদর্শ। তাঁর সমগ্র জীবন সত্য, ন্যায়, মানবিকতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান জীবনাদর্শ অনুসরণ করে সৎ ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া বলেন, "মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই কেবল ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।" তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বলীয়ান হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরবর্তী সময়ে দরুদ ও সালাম পাঠের মাধ্যমে মিলাদ মাহফিল পরিচালিত হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ডিসিকে/ এমজেডএইচ








