প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:৩৫
রবীন্দ্র জয়ন্তী উদ্যাপনে আজ সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ মঞ্চায়ন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার (২০ মে ২০২৬) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’। চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে এ আয়োজন করেছে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরসহ অন্য অতিথিবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্যের মাধ্যমে মানবতা, আত্মমর্যাদা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হবে। এতে স্থানীয় তরুণ শিল্পীরা নৃত্য, অভিনয় ও সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের সামনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ সৃষ্টি করবেন।
নৃত্যনাট্যে অংশগ্রহণ করবেন গল্প সরকার, দেবশ্রী সাহা, মাহবুব, বিরেন, মৃত্তিকা, শ্রেয়সী, অংকিতা, অভিশ্রী, প্রতিভা, অয়নসহ আরও অনেকে।
অনুষ্ঠানের নৃত্য পরিচালনায় রয়েছেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী। আলোকসজ্জার দায়িত্ব পালন করবেন মুহাম্মদ হাবিব। সার্বিক সহযোগিতায় রয়েছেন গল্প সরকার, প্রান্ত সেন ও দেবশ্রী সাহা।
সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংস্কৃতিক চর্চা ও নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্র ভাবধারা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।







