প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২১:২০
চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ।। ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

কচুয়া উপজেলায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে মেহেদী হাসান নামের এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
|আরো খবর
অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও কচুয়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সাকিব সম্প্রতি তার পত্রিকায় 'কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা ক্ষুব্ধ ছিলেন বলে জানা যায়।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, গত বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে তিনি কচুয়া উপজেলা পরিষদ ভবনে গেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তাকে তার কক্ষে ডাকেন। পরে কথা বলার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিক মেহেদী হাসান ওই কক্ষ ত্যাগ করলে উপজেলার প্রশাসনিক ভবনের নিচচলায় চলে আসলে ওই কর্মকর্তা পরিষদ ভবনের চতুর্থ তলা থেকে দৌড়ে দ্রুত নিচতলায় নেমে আসেন এবং তার সঙ্গে থাকা কয়েকজন লোক নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করেন।
এ সময় সাংবাদিককে হুমকি-ধমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার একটি ভিডিও স্থানীয়দের হাতে এসেছে বলেও জানা গেছে।
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। তারা বলেন, কোনো সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে লাঞ্ছিত করা গণমাধ্যমের স্বাধীনতার জন্যে হুমকিস্বরূপ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
তবে এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
বিষয়টি চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে অবহিত করেন সাংবাদিক মেহেদী হাসান। তিনি তাদের কাছে এ হামলার তদন্তপূর্বক ন্যায় বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন।








